Advertisement
Us Bangla Airlines
টেস্টে ধীরগতির ম্যাচ থেকে সরে আসছে বাংলাদেশ

টেস্টে ধীরগতির ম্যাচ থেকে সরে আসছে বাংলাদেশ

খেলা ডেস্ক

২৭ এপ্রিল ২০২৬, ২১:২৭

বিশ্ব ক্রিকেটে ‘বাজবল’ এখন এক আলোচিত শব্দ। ইংল্যান্ডের আগ্রাসী, ভয়ডরহীন ক্রিকেট এই ধারার জন্ম দিয়েছে। তবে বাংলাদেশ কি সেই পথেই হাঁটছে? সরাসরি ‘বাজবল’ না বললেও, টেস্ট ক্রিকেটে ধীরগতির ছক ভাঙার ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে টেস্ট দলে নতুন চমক। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সাদা বলের ওপেনার তানজিদ হাসান তামিম। স্কোয়াডে আগে থেকেই থাকা মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের পাশাপাশি তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে।

গণমাধ্যমে বাশার বলেন, ‘আমরা যখন কোনো খেলোয়াড় নির্বাচন করি, তার খেলার ধরণটাই দেখি। যাকে নেওয়া হচ্ছে, তার কাছ থেকে সেই স্টাইলের ক্রিকেটই আশা করি। কিভাবে খেলব, সেটা পরিস্থিতি বুঝে ঠিক হবে। তবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হলে সেই ধরণের খেলোয়াড় দরকার।’

তবে খেলোয়াড়দের স্বাভাবিক স্টাইল বদলানোর পক্ষে নন প্রধান নির্বাচক। তার ভাষায়, ‘আমি চাই না কেউ নিজের স্বাভাবিক খেলার বাইরে গিয়ে খেলুক। এতে সাফল্যের সম্ভাবনা কমে। আমাদের ওপেনারদের নিজস্ব ধরন আছে, তারা এখন ফর্মেও আছে। ম্যানেজমেন্টও সেটাই চায়।’

ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখেই দলে ভিন্ন ধরণের খেলোয়াড় রাখার কথাও জানান বাশার। ‘সাদমানকে তামিমের মতো বা তামিমকে সাদমানের মতো খেলতে বলব না। তবে যদি পরিকল্পনা বদলাতে হয়, সেই অপশন আমাদের হাতে থাকা দরকার।’

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করার লক্ষ্য নিয়েই এই পরিবর্তনের ভাবনা। বাশার আরও বলেন, ‘আমরা হয়তো একটু ভিন্ন ধরণের ক্রিকেট খেলতে চাইছি, আরও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে। নতুন ওপেনার নেওয়াটাও সেই পরিকল্পনার অংশ।’

বোলিং ইউনিট নিয়ে আত্মবিশ্বাসী বাশার মনে করেন, ২০ উইকেট নেওয়ার সামর্থ্য রয়েছে দলের। এখন প্রয়োজন ব্যাটিংয়ে ধারাবাহিকতা।

এমআই