Advertisement
Us Bangla Airlines
ক্রিকেটের উন্নয়নে তামিমদের নতুন তিন সিদ্ধান্ত

ক্রিকেটের উন্নয়নে তামিমদের নতুন তিন সিদ্ধান্ত

খেলা ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ১৮:৫৫

দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিবর্তনের বার্তা দিচ্ছেন তামিম ইকবাল। এবার অবকাঠামো ও ঘরোয়া ক্রিকেটে উন্নয়নের লক্ষ্যে তিনটি নতুন সিদ্ধান্তের কথা জানালেন বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি। মিরপুরে সংবাদ সম্মেলনে উঠে আসে দর্শকসুবিধা, পরিবেশবান্ধব উদ্যোগ এবং খেলোয়াড় তৈরির কাঠামো নিয়ে তার পরিকল্পনা।

দর্শকদের স্বস্তি ও বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ছাদে সোলার সিস্টেম স্থাপনের পরিকল্পনা করছে বোর্ড। তামিম জানান, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও দ্রুত এগোনোর ইচ্ছা রয়েছে তাদের। এমন উদ্যোগ থেকে বোর্ডের যেন আয় আসে, সেই পরিকল্পনা থাকবে বিসিবির।

শুধু তাই নয়, যেসব গ্যালারিতে এখনও ছাউনি নেই, সেখানেও নতুন করে শেড বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে স্কোরবোর্ড সংলগ্ন মিরপুরের পূর্ব গ্যালারিতে ছাউনি বসাবে বিসিবি। তামিম বলেন, কম দামের টিকিটের কারণে এখানেই সবচেয়ে বেশি দর্শক ভিড় করেন, কিন্তু তীব্র গরমে তারা ভোগান্তিতে পড়েন।

রোদ-বৃষ্টি থেকে দর্শকদের মুক্ত রাখতে এ সমস্যা সমাধানে প্রায় ২৭ হাজার বর্গফুট জায়গাজুড়ে ক্যানোপি স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এই পরিকল্পনার কাজও শুরু করে দিয়েছে বিসিবি। এমনকি দর্শকদের সুবিধার্থে কয়েকদিন আগে গ্যালারির শেডে পরীক্ষামূলক ফ্যানও বসিয়েছিল তামিমের বোর্ড।

অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটের কাঠামোতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ও দ্বিতীয় একাদশ চালুর পরিকল্পনার কথা জানিয়ে তামিম বলেন, ‘বর্তমানে সীমিতসংখ্যক ক্রিকেটারই সব টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন। ফলে নিচের স্তরের খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে না।’

তামিমের মতে, এই কাঠামোগত ঘাটতির কারণেই দ্বিতীয় বা তৃতীয় বিভাগ থেকে জাতীয় দলে উঠে আসার নজির খুব কম। নতুন পরিকল্পনার মাধ্যমে সেই পথটা আরও বিস্তৃত করতে চায় বিসিবি। তাতে কোনো ক্রিকেটার প্রথম একাদশে ব্যর্থ হলে দ্বিতীয় একাদশ থেকে নিজেকে প্রস্তুত করতে পারবেন।

এমআই