ব্যাটে ‘এআই চিপ’ কে লাগিয়েছেন, জানালেন সূর্যবংশী
খেলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ২১:৪৪
চলতি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে অবাক প্রতিপক্ষ বোলাররা, মুগ্ধ ক্রিকেটবিশ্বও। এমন পারফরম্যান্স নিয়েই রসিকতা করে মন্তব্য করেছিলেন পাকিস্তানের বিশ্লেষক নোমান নিয়াজ। তার মতে, সূর্যবংশীর ব্যাটে নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ লাগানো আছে।
চলতি আসরে ৯ ম্যাচে ২৩৮.০৯ স্ট্রাইক রেটে ৪০০ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে আছেন রাজস্থান রয়্যালসের এই তরুণ। পাঞ্জাব কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাত্র ১৬ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে আবারও আলোচনায় উঠে আসেন তিনি।
ম্যাচ শেষে এআই চিপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাব দিতে গিয়ে হাস্যরসই বেছে নিলেন সূর্যবংশী। তিনি বলেন, ‘ভগবান আমার ব্যাটে এটা লাগিয়ে দিয়েছেন। উপরওয়ালা বলেছিলেন, তোমার ব্যাটে আমি কিছু একটা লাগিয়ে দিচ্ছি। আমি শুধু সেটারই ব্যবহার করছি।’
এর আগে এক ইউটিউব অনুষ্ঠানে নোমান নিয়াজ মজার ছলে বলেছিলেন, ‘একবার ভেবে দেখুন, এই ছেলেটা আসলে কে। ওর ব্যাট পরীক্ষা করা উচিত। মনে হয় ব্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ লাগিয়ে খেলছে। অসাধারণ ব্যাটিং।’
তার কথার ভঙ্গিতেই বোঝা গেছে, এটি কোনো অভিযোগ নয়, বরং প্রশংসারই ভিন্ন রূপ। সূর্যবংশীর শক্তি ও ব্যাটিং দক্ষতার ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। ব্যাটে চিপ থাকুক বা না থাকুক, সূর্যবংশীর ব্যাট যে এখন আগুন ঝরাচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার ব্যাটিং যেমন বিনোদন দিচ্ছে, তেমনি বাড়িয়ে দিচ্ছে আলোচনার রঙও।
এমআই