সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
খেলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ২২:২৪
ইন্দোনেশিয়ার জাকার্তায় ইতিহাস লিখেই চলেছে বাংলাদেশ নারী হকি দল। প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে নাম লিখিয়ে আগেই নিশ্চিত করেছে এশিয়ান গেমসের টিকিট। এবার সেই স্বপ্নযাত্রায় আরেক ধাপ এগিয়ে সিঙ্গাপুরকে হারিয়ে উঠে গেছে ফাইনালে। সেমিফাইনালের শুরুটা ছিল দারুণ আত্মবিশ্বাসে ভরপুর।
ম্যাচের অষ্টম মিনিটেই আইরিন আক্তার রিয়া ফিল্ড গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি দল। চার মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরায় সিঙ্গাপুর। এরপর দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই চেষ্টা চালালেও আর কোনো গোলের দেখা মেলেনি। ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ম্যাচে বাড়ে উত্তেজনা, কিন্তু গোলের খাতা খুলতে পারছিল না কেউই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে শেষ হাসি হাসে বাংলাদেশ। ম্যাচের শেষ চার মিনিটে বদলে যায় দৃশ্যপট। ৫৭ ও ৫৮তম মিনিটে পরপর দুটি ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়া।
তার দুর্দান্ত নৈপুণ্যে ৩-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। শেষদিকে সিঙ্গাপুর চাপ বাড়ালেও আর গোল করতে পারেনি। হ্যাটট্রিক করা রিয়াই হয়েছেন ম্যাচসেরা। তার একক নৈপুণ্যে জয়ে উচ্ছ্বসিত পুরো দল।
উল্লেখ্য, এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশের নারী হকি দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু। অভিষেক আসরেই এশিয়ান গেমসে জায়গা করে নেওয়ার পর এখন ফাইনালেও জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া। আগামী পরশু অনুষ্ঠিত হবে ফাইনাল।
এমআই