দুই রেকর্ডের সাক্ষী বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
খেলা ডেস্ক
০২ মে ২০২৬, ২১:০১
মিরপুরের ম্যাচটা শুধু জয়-পরাজয়ের গল্প নয়, হয়ে থাকল দুই আলাদা রেকর্ডের সাক্ষী। একদিকে উইকেটের পেছনে বাংলাদেশের ভরসার নাম লিটন দাস, অন্যদিকে বল হাতে নিউজিল্যান্ডের ইতিহাসে নতুন উচ্চতায় ইশ সোধি। সিরিজ সমতার ম্যাচে এই দুই ক্রিকেটার নিজেদের নাম লিখিয়েছেন অনন্য উচ্চতায়।
বাংলাদেশের ইনিংস থেমেছে ১০২ রানে। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৫ ওভারে, আর সেই সীমিত পরিসরে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। তবে ব্যাটিংয়ের চেয়ে আলোচনায় উঠে আসে লিটন দাসের আরেকটি মাইলফলক। টি-টোয়েন্টিতে দেশের হয়ে সবচেয়ে বেশি ডিসমিসালের তালিকায় শীর্ষে উঠে গেছেন তিনি।
১২২ ম্যাচে ৬৪ ইনিংসে লিটনের সংগ্রহ ৬৪টি ডিসমিসাল, যার মধ্যে ৪৯টি ক্যাচ ও ১৫টি স্টাম্পিং। তার এই অর্জন পেছনে ফেলেছে মুশফিকুর রহিমকে। দীর্ঘ সময় ধরে উইকেটের পেছনে নির্ভরতার প্রতীক থাকা মুশফিক ১০২ ম্যাচে করেছেন ৬২টি ডিসমিসাল। তালিকায় এরপর রয়েছেন নুরুল হাসান, জাকের আলী ও এনামুল হক।
এই ম্যাচেই আরেকটি রেকর্ড নিজের করে নেন ইশ সোধি। নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির আসনে এখন তিনি। ১৪২ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৬৫। পেছনে ফেলেছেন টিম সাউদিকে, যার সংগ্রহ ১৬৪ উইকেট। তালিকায় তৃতীয় স্থানে আছেন মিচেল স্যান্টনার।
দুই রেকর্ডের ম্যাচের গল্পও কম নাটকীয় নয়। ১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। শরিফুল ইসলামের তোপে ৫ ওভারের মধ্যেই ৩৩ রানে ৪ উইকেট হারায় তারা। ম্যাচ তখন বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু সেখান থেকেই বদলে যায় দৃশ্যপট।
বেভন জ্যাকবসের ঝড়ো ব্যাটিং ম্যাচ কেড়ে নেয় স্বাগতিকদের হাত থেকে। ৩১ বলে ৬২ রানের ইনিংসে তিনি একাই গড়ে দেন জয়ের ভিত। শেষ পর্যন্ত ২০ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ভাগাভাগি হয় ট্রফি।
এমআই