এডহক কমিটির সভায় নতুন ৩ সিদ্ধান্ত নিল তামিমরা
খেলা ডেস্ক
০৬ মে ২০২৬, ১৯:৫১
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটির চতুর্থ সভা বুধবার মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল কাউন্সিলর তালিকা চূড়ান্ত করা।
বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে ১৯২ জন কাউন্সিলরের তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। এই কাউন্সিলর মনোনয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনগুলোকে চিঠি পাঠানো হবে এবং তাদের ১৬ মে’র মধ্যে নাম জমা দিতে বলা হয়েছে।
দ্বিতীয় সিদ্ধান্তটি জেলা কোচ নিয়োগ নিয়ে। বর্তমান কোচদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ৬৪টি জেলা কোচ পদের জন্য নতুন করে মূল্যায়ন প্রক্রিয়া চালু করা হচ্ছে। এ জন্য একটি কমিটি গঠন করা হবে, যারা আবেদনকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা যাচাই করবে।
তৃতীয় সিদ্ধান্তে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। তাদের মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুমোদন দিয়েছে বোর্ড, যা গত ৩০ এপ্রিল শেষ হয়েছিল।
এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। এই কমিটির মূল দায়িত্ব ৯০ দিনের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজন করা। আগামী জুনের মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় এডহক কমিটি।
এমআই