আইপিএলে সুনিল নারিনের ডাবল সেঞ্চুরি
খেলা ডেস্ক
০৪ মে ২০২৬, ২০:০৮
আইপিএলের ইতিহাসে নতুন এক মাইলফলক ছুঁয়ে ফেললেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারিন। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টে ২০০ উইকেটের গণ্ডি পার করলেন কলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে প্যাট কামিন্সদের বিরুদ্ধে ৩১ রানে ২ উইকেট নিয়ে এই কীর্তিতে নাম লেখান নারিন।
আইপিএলের ইতিহাসে তৃতীয় বোলার ও দ্বিতীয় স্পিনার হিসেবে ২০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন সুনিল নারিন। এই তালিকায় সবার ওপরে আছেন যুজবেন্দ্র চাহাল, ১৮২ ম্যাচে ২২৮ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার, ১৯৯ ম্যাচে তার শিকার ২১৫ উইকেট।
বোলারদের এলিট ক্লাবে জায়গা নিতে নারিন খেলেছেন ১৯৭ ম্যাচ। তাতেই উইকেটের ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। তবে কেবল কলকাতার জার্সিতেই দুই শতাধিক উইকেট শিকার করেছেন নারিন। আইপিএলের কোনো বোলারই নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে এত উইকেট শিকার করতে পারেনি।
আইপিএলে উইকেট শিকারের তালিকায় চতুর্থ স্থানে আছেন পীযূষ চাওলা, ১৯২ ম্যাচে ১৯২ উইকেট। পঞ্চম স্থানে আর অশ্বিন, ২২১ ম্যাচে ১৮৭ উইকেট। এই তালিকায় একমাত্র বিদেশি বোলার হিসেবে আলাদা করে নজর কাড়ছেন নারিন।
২০১২ সাল থেকে আইপিএলে খেলছেন এই ক্যারিবিয়ান স্পিনার। শুরু থেকেই তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অংশ।
এমআই