Advertisement
Us Bangla Airlines
এক ওভারে ৫ চার, দশ বছরের পুরোনো স্মৃতি ফেরালেন কোহলি

এক ওভারে ৫ চার, দশ বছরের পুরোনো স্মৃতি ফেরালেন কোহলি

খেলা ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ২৩:১১

এক ওভারেই যেন ঝড় তুললেন বিরাট কোহলি। টানা পাঁচ বলে পাঁচটি চার—ব্যাট হাতে দাপট দেখিয়ে ফিরিয়ে আনলেন এক দশক আগের স্মৃতি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংসের দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদাকে একাই সামলান কোহলি। লেগ সাইড দিয়ে চার মেরে ওভার শুরু, এরপর টানা চার বলেই অফ সাইডে বাউন্ডারির ফুলঝুরি।

মাঠের চারপাশে শটের প্রদর্শনীতে মুহূর্তেই চাপের মধ্যে পড়েন দক্ষিণ আফ্রিকান পেসার। ওভারের শেষ বলে রান না এলেও ততক্ষণে কীর্তি গড়ে ফেলেছেন কোহলি। বেঙ্গালুরুর হয়ে এক ওভারে পাঁচ বা তার বেশি চার মারা তৃতীয় ব্যাটসম্যান তিনি। এর আগে এই তালিকায় ছিলেন ক্রিস গেইল ও শেন ওয়াটসন। তবে তাদের কেউই কোহলির মতো টানা পাঁচ বলে চার মারতে পারেননি।

২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ইশ্বর পান্ডের এক ওভারে পাঁচটি চার মেরেছিলেন গেইল। সেই ম্যাচেই ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন তিনি, যা এখনও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। আর ২০১৬ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে থিসারা পেরেরার এক ওভারে পাঁচটি চার হাঁকান ওয়াটসন।

গেইল-ওয়াটসনের সেই স্মৃতি ফিরিয়ে আনা দিনে শুরু থেকেই ছিলেন আগ্রাসী কোহলি। প্রথম ১০ বলেই তুলে নেন ২৮ রান। তবে ঝড়ো এই ইনিংস বেশিক্ষণ টেকেনি। নিজের পরের ওভারে বল হাতে ফিরে এসে কোহলিকে আউট করে ‘প্রতিশোধ’ নেন রাবাদা।

শেষ পর্যন্ত পাঁচ চার ও এক ছক্কায় ১৩ বলে ২৮ রান করে থামেন এই ভারতীয় ব্যাটিং তারকা। তবু এক ওভারের ঝলকেই ম্যাচে ছাপ রেখে যান তিনি।

এমআই