Advertisement
Us Bangla Airlines
৩৩ রানে ৪ উইকেট হারিয়েও জিতল নিউজিল্যান্ড

৩৩ রানে ৪ উইকেট হারিয়েও জিতল নিউজিল্যান্ড

খেলা ডেস্ক

০২ মে ২০২৬, ১৮:৩৬

মিরপুরে বৃষ্টিবাধায় ১৫ ওভারে গড়ায় ম্যাচ। ওভার কাটার ম্যাচে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ১০৩ রান। তবে বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ, সুইংয়ের ঝড় তুলে ম্যাচে ফিরেছিল টাইগাররা। পাঁচ ওভারের মধ্যেই নিউজিল্যান্ডের সংগ্রহ যখন ৩৩, তখনই ৪ উইকেট হারায় সফরকারীরা। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ যেন ধীরে ধীরে বাংলাদেশের দিকেই যাচ্ছিল।

ওভার বাড়তেই ব্যাটিং ধস থেকে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। বেভন জ্যাকবসের বিধ্বংসী ব্যাটিংয়ে বদলে যায় পুরো ম্যাচের চিত্র। ৩১ বলে ৫ চার ও ৩ ছক্কায় খেলেন ৬২ রানের ঝোড়ো ইনিংস। তার ব্যাটেই সহজ হয়ে যায় রান তাড়া। শেষ পর্যন্ত ডিএলএসে ২০ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায় কিউইরা।

রান তাড়ায় শুরুতেই আঘাত হানে শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারে কেটেনি ক্লার্ক (১) ও ডেন ক্লেভার (১) ফেরেন লিটন দাসের ক্যাচে। পরের ওভারে টিম রবিনসন (২৩) বোল্ড হন শরিফুলের বলে। এরপর শেখ মেহেদী নিক কেলিকে (১) ফেরালে ৫ ওভারের মধ্যে ৩৩ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড।

১৮ রান করতেই ৬ উইকেট হারাল বাংলাদেশ

তবে এরপর আর সেই চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। জ্যাকবসের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচ ধীরে ধীরে হাতছাড়া হয়ে যায়। ডিন ফক্সক্রফট অপরাজিত থাকেন ১৫ রানে। শেষ পর্যন্ত সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ১৯ রানে নেন ৩ উইকেট, শেখ মেহেদী পান ১ উইকেট। তবে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগাররা।

এর আগে বাংলাদেশের ইনিংসেও বড় স্কোর আসেনি। লিটন দাস (২৬) ও তাওহিদ হৃদয় (৩৩) ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। চার উইকেটে ৮৬ রান থেকে দ্রুত ধস নামে ইনিংসে। শেষ ১৮ রান করতে ৬ উইকেট হারায় বাংলাদেশ। তাতে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় লিটনের দল।

এক বলে ১৭ রান, বাংলাদেশ ম্যাচে অবিশ্বাস্য ঘটনা!

১৫ ওভারের ম্যাচে এত ছোট লক্ষ্য অবশ্য ধোপে টেকার মতো নয়। শুরুতে বাংলাদেশ কিছু উইকেট নিতে পারলেও সময় বাড়তে রান সংকটটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছিল। তাতে এক জয় আর এক হার নিয়ে সিরিজ সমতায় ইতি টানল বাংলাদেশ। সবশেষ টি-টোয়েন্টি সিরিজও ১-১ সমতায় শেষ হয়েছিল।

এমআই