Advertisement
Us Bangla Airlines
ইনজুরিতে ফিল্ডিং কোচ, দায়িত্বে নতুন মুখ

ইনজুরিতে ফিল্ডিং কোচ, দায়িত্বে নতুন মুখ

খেলা ডেস্ক

০৫ মে ২০২৬, ২২:০২

পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে ধাক্কা খেল বাংলাদেশ দল। ইনজুরির কারণে ছিটকে গেছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, ফলে নতুন করে দায়িত্ব নিতে হচ্ছে কোচিং স্টাফের ভেতর থেকেই। সাদা পোশাকের এই সিরিজের জন্য বাংলাদেশের ফিল্ডিং বিভাগ সামলাবেন বিসিবির কোচ আশিক মজুমদার।

নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে দায়িত্ব পালন করা প্যামেন্ট কয়েকদিন আগে কোমরের চোটে পড়েন। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এই চোট থেকে সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে বলেই ধারণা করা হচ্ছে। শিগগিরই চিকিৎসকদের সঙ্গে আবারও পরামর্শ করবেন তিনি।

পাকিস্তান সিরিজে তাকে না পাওয়ায় বিকল্প হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির কোচ আশিক মজুমদারকে। বিসিবির বিভিন্ন বিভাগের ফিল্ডিং ইউনিট সামলান তিনি। সবশেষ ‘এ’ দলের সিরিজেও ফিল্ডিং কোচ হিসেবে দেখা গিয়েছিল তাকে। এছাড়া গত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে ছিলেন আশিক।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই দুটো টেস্ট অনুষ্ঠিত হবে। ৮ মে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট, আর দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১৬ মে সিলেটে।

গুরুত্বপূর্ণ সিরিজের আগে কোচিং সেটআপে আসলো পরিবর্তন। দলের প্রস্তুতিতে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

এমআই