Advertisement
Us Bangla Airlines
১৯০ রান করেও ম্যাচ হারার কারণ জানালেন মিরাজ

১৯০ রান করেও ম্যাচ হারার কারণ জানালেন মিরাজ

খেলা ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ২০:৩৩

বিপিএলের উদ্বোধনী ম্যাচেই দর্শকদের উপহার মিলেছে জমজমাট লড়াইয়ের। ব্যাট হাতে ১৯০ রানের শক্ত পুঁজি গড়েও শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৮ উইকেটে হারতে হয়েছে সিলেট টাইটান্সকে। ম্যাচ শেষে হারের ময়নাতদন্তে গিয়ে সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায়টা দিলেন উইকেটে পড়া শিশিরের ওপর।

মিরাজের মতে, টস হেরে আগে ব্যাট করতে নামাটাই ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলেছে। শুরুতে উইকেট সহজ ছিল না, আর পরে শিশিরের কারণে বোলাররা প্রত্যাশিত সুবিধা পাননি। সেই সুযোগেই নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ব্যাট হাতে দাপট দেখান।

ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘১৯০ রান করেও হার মেনে নেওয়া কঠিন। তবে উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল। উইকেটে শিশির ছিল, বল করতে কষ্ট হচ্ছিল।’

সিলেট অধিনায়ক স্বীকার করেন, প্রথম ১০ ওভারে তাদের ব্যাটারদের কিছুটা সংগ্রাম করতে হয়েছে। তবে এরপর পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুবের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দল। ওই জুটিই সিলেটকে বড় সংগ্রহ এনে দেয় বলে মনে করেন তিনি।

‘আফিফ ও ইমনের জুটি দারুণ লেগেছে। প্রথম ১০ ওভারে ব্যাট করা কঠিন ছিল, পরে তারা খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। দর্শকরাও আমাদের সঙ্গে ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে প্রথম ম্যাচে জয় দিতে পারলাম না,’ বলেন মিরাজ।

ইমনকে চার নম্বরে নামানো নিয়েও ব্যাখ্যা দেন সিলেট অধিনায়ক। তার ভাষায়, সামনে বিশ্বকাপকে সামনে রেখে ইমনকে ওই পজিশনে মানিয়ে নেওয়াতেই এমন সিদ্ধান্ত। তিনি বলেন, ‘গত কয়েক সিরিজ ধরেই ইমন চার নম্বরে ব্যাট করছে। সামনে বিশ্বকাপ আছে, আশা করি এই পজিশনেই সে নিজেকে প্রমাণ করবে।’

এমআই