Advertisement
Us Bangla Airlines
জন্মদিনে ৭১ রান করেও সেরা হতে পারলেন না মুশফিক!

জন্মদিনে ৭১ রান করেও সেরা হতে পারলেন না মুশফিক!

খেলা ডেস্ক

০৯ মে ২০২৬, ১৬:৫১

জন্মদিনে ব্যাট হাতে বড় ইনিংস খেলা নতুন কিছু নয় বাংলাদেশের ক্রিকেটে। সেই তালিকায় এবার যুক্ত হলো মুশফিকুর রহিমর নামও। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে নিজের জন্মদিনে তিনি খেলেছেন ৭১ রানের ইনিংস। তবে জন্মদিনে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় ইনিংস খেলার রেকর্ড এখনও সাকিব আল হাসানের দখলে।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল। একই বছরে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই ওপেনার। উভয় ইনিংসেই ফিফটি পেয়েছিলেন তামিম।

তৃতীয় সর্বোচ্চ ইনিংস এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জন্মদিনের ম্যাচে দুই ইনিংসে তার সংগ্রহ ছিল ১১১ রান। প্রথম ইনিংসে ৮৩ রান করা রিয়াদ পরের ইনিংসে করেছেন ২৮ রান। রানবন্যার সেই ম্যাচে ড্র মেনে নিয়েছিল উভয় দল।

জন্মদিনে রান করার তালিকায় এরপরেই আছেন মুমিনুল হক। ২০২৪ সালে ভারতের বিপক্ষে জন্মদিনে খেলেছিলেন ১০৯ রানের ইনিংস। একই তারিখে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ৭৭ রান। এবার সেই তালিকায় যুক্ত হলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে করেছেন ৭১ রান।

উল্লেখ্য, জন্মদিনের ম্যাচগুলোর হিসাব দুই ইনিংস মিলিয়ে করা হয়েছে। তাতে প্রথম ইনিংসে ৭১ করা মুশফিক পরের ইনিংসে ৭৫ রান করলেই সাকিবকে ছাড়িয়ে যাবেন। দেখার পালা, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে কত রান করতে পারেন মুশফিক। 

এমআই