Advertisement
Us Bangla Airlines
৮২৯০ দিনের পুরোনো রেকর্ড ভাঙলেন শান্ত-মুমিনুল

৮২৯০ দিনের পুরোনো রেকর্ড ভাঙলেন শান্ত-মুমিনুল

খেলা ডেস্ক

০৮ মে ২০২৬, ২৩:০৩

ইনিংস মেরামতের কাজটা করলেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। ৩১ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে এনে দিয়েছেন দুই শতাধিক সংগ্রহ। বাঁহাতি এই দুই ব্যাটার মিলে করেছেন ১৭০ রান। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। তাতেই ভেঙেছে ৮২৯০ দিনের পুরোনো রেকর্ড।

টেস্টে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রান ছিল আশরাফুল ও জাভেদ ওমর বেলিমের। ২০০৩ সালের ২৭ আগস্ট তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার মিলে করেছিলেন ১৩০ রান। পাকিস্তানের বিপক্ষে করা সেই রেকর্ডকে ছাড়িয়ে আজ ১৭০ রান করেছেন শান্ত-মুমিনুল। সময়ের হিসাবে ৮২৯০ দিনের পুরোনো রেকর্ড ভাঙলেন তারা।

ইনিংস মেরামতের দায়িত্ব নিতে গিয়ে শান্ত নিজের নবম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন। তবে শতক হাঁকানোর পরের বলেই সুইংয়ের কাছে পরাস্ত হয়ে উইকেট হারান তিনি। মুমিনুল আউট হয়েছেন নার্ভাস নাইনটিতে। শতক ছুঁতে সংগ্রাম করা এই ব্যাটার থেমেছেন ৯১ রানে।

২০০৩ সালে রেকর্ড গড়া সেই জুটিতে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ওপেনার জাভেদ ওমর বেলিম। ধৈর্য্যের পরীক্ষা আশরাফুল থেমেছেন ৭৭ রানে। যদিও রানের রেকর্ড গড়ে বাংলাদেশ সেই ম্যাচটি জিততে পারেনি। পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটে হেরেছিল টাইগাররা। এবার নিশ্চয়ই জয় দিয়ে ম্যাচ শেষ করার অপেক্ষায় শান্তর দল।

এমআই