Advertisement
Us Bangla Airlines
ক্রিকেটারদের নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন তামিম

ক্রিকেটারদের নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন তামিম

খেলা ডেস্ক

০৪ মে ২০২৬, ২০:৪০

বাংলাদেশ ক্রিকেটে সম্মান আর স্বীকৃতির নতুন অধ্যায় শুরু করতে চান তামিম ইকবাল। অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালুর পর এবার সাবেক ক্রিকেটারদের সম্মান জানাতে স্ট্যান্ডের নামকরণ নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরে আজ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানান তামিম।।

ক্রিকেটারদের নামে স্ট্যান্ড করা নিয়ে তিনি বলেন, ‘আমাদের খুব সতর্ক থাকতে হবে যে, আমরা কাকে কাকে ওই নামগুলো দিয়ে সম্মান দিচ্ছি। কারণ একজনকে নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পেল। হয়তোবা যখনই যারই নাম দিই, কেউ না কেউ এটা নিয়ে একটা আপত্তি করতেই পারে। তো এটা নিয়ে আমরা পরিকল্পনা করছি যে আসলে কোন পদ্ধতিতে যাব।’

শুধু ক্রিকেটারই নন, দেশের ক্রিকেটে অবদান রাখা সংগঠকদেরও এই স্বীকৃতির আওতায় আনতে চান বিসিবি সভাপতি। তামিম বলেন, ‘আমি কি শুধু নিজের শহরের খেলোয়াড়দের নাম দেব, নাকি জাতীয় স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নাম রাখা হবে? আবার সংগঠকদের ক্রিকেটে বিশাল অবদান; তাদের নামও থাকা উচিত।’

এই পরিকল্পনা বাস্তবায়ন কত দ্রুত সম্ভব হবে, তা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি। তামিম আরও বলেন, ‘এই অ্যাডহক কমিটির মেয়াদে তা শেষ করতে পারব কি না জানি না, তবে ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসতে পারলে আশা করি এটি সম্পন্ন করতে পারব।’

সাবেক ক্রিকেটারদের মূল্যায়নে পরিসংখ্যানকে একমাত্র মানদণ্ড হিসেবে দেখতে নারাজ তামিম। তাদের অবদানকে বড় করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কারো ব্যাটিং গড় ৫০ হতে হবে, এমন কোনো শর্ত নেই। আমাদের সময়ে যারা খেলেছেন, তাদের গড় যদি ১০ হয়ে থাকে, তবে সেই ১০ রানের অবদানও তখন বিশাল ছিল।’

বিসিবি সভাপতি বলেন, ‘যারা যে ভূমিকা পালন করেছেন, পরিসংখ্যান বা অন্য যেকোনো কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করে কোন জায়গায় কার নাম দেওয়া যায়, সেই কাজটি আমি ইনশাআল্লাহ সম্পন্ন করে দিয়ে যেতে চাই।’

এমআই