Advertisement
Us Bangla Airlines
চট্টগ্রামের মাঠে খেলল বৃষ্টি, ড্রেসিংরুম থেকে বিদায় নিলেন লিটনরা

চট্টগ্রামের মাঠে খেলল বৃষ্টি, ড্রেসিংরুম থেকে বিদায় নিলেন লিটনরা

খেলা ডেস্ক

২৯ এপ্রিল ২০২৬, ১৭:০১

নির্ধারিত সময়ে ম্যাচ শুরুর কথা থাকলেও চট্টগ্রামে তখন যেন একচ্ছত্র আধিপত্য বৃষ্টির। তবু আশায় বুক বেঁধে গ্যালারিতে ঢুকেছিলেন কিছু দর্শক। কেউ ছাতা মাথায়, কেউ ভিজে একাকার। তাদের অপেক্ষা ছিল একটাই, কখন গড়াবে বল। তবে খেলা না দেখেই ফিরতে হলো তাদের।

প্রকৃতির বিরূপ আচরণে খেলা শুরুর সম্ভাবনাই ছিল ক্ষীণ। তবুও মাঠে এসেছিলেন ক্রিকেটাররা। এরপর শুরু হয় অপেক্ষা। শেষ পর্যন্ত সেই আশার প্রদীপ নিভে যায়। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সকাল থেকেই চট্টগ্রামের আকাশ ছিল ভারী। বেলা ১১টার পর শুরু হওয়া বৃষ্টি আর থামেনি এক মুহূর্তের জন্য। নির্ধারিত সময়ে দুই দল মাঠে এলেও ড্রেসিংরুমের গণ্ডি পেরোনোর সুযোগ পাননি লিটন দাসরা। সেই ড্রেসিংরুম থেকেই করমর্দন করে হোটেলের উদ্দেশ্যে বিদায় নিলেন লিটনরা।

উল্লেখ্য, ম্যাচ চালুর জন্য ন্যূনতম ৫ ওভারের খেলার শেষ সময় ধরা ছিল বিকেল ৫টা ১৬ মিনিট। তবে আবহাওয়ার উন্নতির কোনো লক্ষণ না থাকায় প্রায় এক ঘণ্টা আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা।

তবে হতাশ দর্শকদের জন্য স্বস্তির খবর, বিসিবির নীতিমালা অনুযায়ী এই ম্যাচের টিকিটধারীরা পাবেন অর্থ ফেরত। অতীতে এমন কিছু দেখা না গেলেও এবার ভিন্ন পথে হাঁটল বিসিবি। এখন সিরিজের ভাগ্য নির্ধারণ হবে মিরপুরে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হবে শেষ ও নির্ধারণী ম্যাচ।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় নিয়ে ইতোমধ্যেই এগিয়ে আছে বাংলাদেশ। এখন শেষ লড়াইয়ে সেই ব্যবধান ধরে রাখতে পারলেই সিরিজ জয়ের হাসি হাসবে টাইগাররা।

এমআই