দেশসেরা হতে লিটনের প্রয়োজন মাত্র এক জয়
খেলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ১৮:৩১
বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে অধিনায়কত্বের লড়াইটা এখন জমে উঠেছে নতুন করে। এক ম্যাচের দূরত্বে দাঁড়িয়ে আছেন লিটন দাস, সামনে হাতছানি দিচ্ছে নতুন রেকর্ড। কিউইদের বিপক্ষে আর একটি জয় এলেই তিনি হয়ে যাবেন দেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি অধিনায়ক।
এখন পর্যন্ত বাংলাদেশকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৬টি করে জয় এনে দিয়েছেন তিন অধিনায়ক। মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের সঙ্গে শেষ নামটা লিটন দাস। তবে ম্যাচের হিসাবে এগিয়ে লিটনই। ৩০ ম্যাচেই ছুঁয়ে ফেলেছেন ১৬ জয়, যেখানে মাহমুদউল্লাহর লেগেছে ৪৩ ম্যাচ, সাকিবের ৩৯।
তাই সমীকরণটা এখন স্পষ্ট। আর একটি জয় মানেই ১৭-তে পা, অর্থাৎ অধিনায়কের সাফল্যে এককভাবে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। কিউই সিরিজের বাকি দুটো ম্যাচ জিতলে তার ম্যাচ জয়ের সংখ্যা হবে ১৮, যা বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কত্বে নতুন উচ্চতা হয়ে থাকবে।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ (৪৩টি) খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই রেকর্ডও লিটনের নাগালের মধ্যে। আর ১৪ ম্যাচ নেতৃত্ব দিলেই ছাড়িয়ে যাবেন অভিজ্ঞ এই ক্রিকেটারের মাইলফলক। ইতোমধ্যে তাকে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়ায়, সময়টাও তার পক্ষেই কথা বলছে।
অধিনায়কত্বের শুরুটা অবশ্য মসৃণ ছিল না লিটনের। ডাবল ডাক দিয়ে শুরু হয়েছিল তার নেতৃত্বের যাত্রা। এক অঙ্কে আউট হওয়ার হতাশাও ছিল বারবার। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে গল্প। নেতৃত্বের ভার কাঁধে নিয়েই যেন আরও দায়িত্বশীল হয়েছেন ব্যাটার লিটন।
এখন পর্যন্ত ৩০ ইনিংসে ২৪ গড়ে করেছেন ৬৭৩ রান, আছে পাঁচটি ফিফটি। শুধু সংখ্যাই নয়, তার ব্যাটিং গড় ও স্ট্রাইক রেট—দুটোই ক্যারিয়ারের সামগ্রিক পরিসংখ্যানের চেয়ে উন্নত। নেতৃত্ব আর ব্যাট হাতে সমানতালে এগিয়ে চলা লিটনের সামনে এখন একটাই লক্ষ্য, ধারাবাহিকভাবে ম্যাচ জয়।
এমআই