Advertisement
Us Bangla Airlines
এক বলে ১৭ রান, বাংলাদেশ ম্যাচে অবিশ্বাস্য ঘটনা!

এক বলে ১৭ রান, বাংলাদেশ ম্যাচে অবিশ্বাস্য ঘটনা!

খেলা ডেস্ক

২৭ এপ্রিল ২০২৬, ১৯:৪৯

ক্রিকেট কখনও কখনও যুক্তির গণ্ডি ছাড়িয়ে যায়, চট্টগ্রামের এই ম্যাচ যেন তারই এক জীবন্ত উদাহরণ। এক বল থেকে ১৭ রান! শুনতে অবিশ্বাস্য, কিন্তু সেই অদ্ভুত ঘটনাই বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য, এনে দিয়েছে বাংলাদেশের দারুণ এক জয়। এই রানের নায়ক অবশ্য শামীম হোসেন পাটোয়ারী।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল হতাশাজনক। টপ অর্ডারের ব্যর্থতায় ধুঁকছিল বাংলাদেশ। তামিম-সাইফ জুটি আক্রমণের বদলে যেন গুটিয়ে ছিল নিজেদের খোলসে। বাউন্ডারির বদলে ডট বলেই আটকে ছিল ইনিংসের গতি। প্রথম ১০ ওভারে ৫৩ শতাংশ বলই ডট। ৭৭ রানে ২ উইকেট হারিয়ে ইনিংস তখন চাপের মুখে।

সেখান থেকেই শুরু পাল্টা আক্রমণ। তাওহীদ হৃদয়, পারভেজ ইমন ও শামীম পাটোয়ারীর ছোট ছোট কিন্তু কার্যকর ইনিংসে বদলে যায় দৃশ্যপট। শেষ আট ওভারে আসে ১০৬ রান, আর দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে টাইগাররা।

শেষ আট ওভারে ১০৬ রান করে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

তবে ম্যাচের আসল নাটক জমে ওঠে ১৭তম ওভারের শেষ বলে। ম্যাথু ফিশারের করা সেই ডেলিভারিটি ছিল ওভারপিচড। শামীম সেটিকে ফ্লিক করে পাঠান বাউন্ডারিতে। কিন্তু বোলার নির্দিষ্ট সীমা অতিক্রম করায় আম্পায়ার ডাকেন নো বল—অর্থাৎ ফ্রি হিট।

এরপর শুরু হয় একের পর এক নাটক। ফ্রি হিটের প্রথম বল ওয়াইড। পুনরায় ফ্রি হিট করতে গিয়ে ফিশার ছোড়েন একটি বিমার, সেটিকেও বাউন্ডারিতে পাঠান শামীম। কোমরের ওপর উঠে যাওয়া সেই বলটিও নো বল হিসেবে ঘোষণা করেন লেগ আম্পায়ার গাজী সোহেল। আবার ফ্রি হিট।

তৃতীয়বারের চেষ্টায়ও রক্ষা পাননি ফিশার। এবার ওভারপিচড ডেলিভারিকে কাউ কর্নারের ওপর দিয়ে উড়িয়ে দৃষ্টিনন্দন ছক্কা মারেন শামীম। তাতে একটি বৈধ বল করতে গিয়ে মোট চারটি বল করতে হয় ফিশারকে। এই চার বলে আসে দুই চার, এক ছক্কা, সঙ্গে দুই নো বল ও একটি ওয়াইড—সব মিলিয়ে এক বলেই খরচ ১৭ রান!

শেষ আট ওভারে ১০৬ রান করে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

এই এক ওভারেই ম্যাচ পুরোপুরি ঘুরে যায় বাংলাদেশের দিকে। পরের ওভারে মাত্র পাঁচটি সিঙ্গেল নিয়েই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৮২ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে শুরুতে চাপে পড়লেও পারভেজ ইমনের ১৪ বলে ২৮, তাওহীদ হৃদয়ের ২৭ বলে ৫১ এবং শামীম পাটোয়ারীর ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে অবিশ্বাস্য জয় তুলে নেয় বাংলাদেশ।

এমআই