Advertisement
Us Bangla Airlines
ক্রিকেট কিট বিতরণ শুরু, পাবেন ৯০ ক্রিকেটার

ক্রিকেট কিট বিতরণ শুরু, পাবেন ৯০ ক্রিকেটার

খেলা ডেস্ক

০৬ মে ২০২৬, ১৮:২৭

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নতুন একটি উদ্যোগ নজর কেড়েছিল। পিএসএলের আগে শুরু হওয়া ওই সিরিজে ব্যতিক্রমী এক ঘোষণা দেয় রবি। ম্যাচে প্রতি ১০০ রানের বিপরীতে ১০টি করে ক্রিকেট কিট দেওয়ার ঘোষণা ছিল প্রতিষ্ঠানটির। তিন ম্যাচে মোট ৯টি শতরান হওয়ায় ৯০ জনকে ক্রিকেট কিট দেওয়ার প্রতিশ্রুতি দেয় রবি।

পাকিস্তান সিরিজের পর বাংলাদেশ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তন আসে। ফলে ওই সিরিজে আর কিট বিতরণের কোনো ঘোষণা ছিল না। তবে পাকিস্তান সিরিজে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কিট বিতরণ কার্যক্রম শুরু করেছে রবি। এক ভিডিও বার্তায় এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

ভিডিও বার্তায় বলা হয়, প্রতিটি উঠতি সম্ভাবনার লক্ষ্য বাস্তবায়নে ৫০টিরও বেশি ক্রিকেট একাডেমির ৯০ জন তরুণ টাইগারকে রবি দিচ্ছে একটি করে ক্রিকেট কিট। তরুণদের সম্ভাবনার প্রতি রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বাস থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে তরুণ ক্রিকেটারদের সুযোগ বাড়াতে বলবয় সংস্কৃতি চালু করেছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও দায়িত্বে ছিলেন ‘ফিউচার স্টার’ খ্যাত জুনিয়র ক্রিকেটাররা। পাশাপাশি বেসরকারি ক্রিকেট একাডেমির জুনিয়র ক্রিকেটারদের জন্য বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি।

উঠতি ক্রিকেটারদের মাঝে ক্রিকেট সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। গত দুই বোর্ড আমলেই এ ধরনের কার্যক্রম প্রশংসা পেয়েছে। তবে ফিউচার স্টার কর্মসূচির সঙ্গে কিট বিতরণ যুক্ত হলে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমআই