১৮ রান করতেই ৬ উইকেট হারাল বাংলাদেশ
খেলা ডেস্ক
০২ মে ২০২৬, ১৭:৩০
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে ১০২ রানে থেমেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৫ ওভারে, আর সেই ছোট পরিসরেই ছন্দ হারায় স্বাগতিকরা। শেষ ১৮ রান করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা করেছিল ধীর গতিতে। ওপেনিং জুটি তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান মিলে যোগ করেন ২১ রান। সাইফ ১১ বলে ১৬ রান করে ফেরেন। পরের ওভারেই বিদায় নেন তানজিদ, ১০ বলে করেন ৬ রান। এরপরই চাপে পড়ে বাংলাদেশ শিবির, চারে নামা পারভেজ হোসেন ইমন ফিরেন গোল্ডেন ডাক মেরে।
তবে এক প্রান্তে দাঁড়িয়ে ব্যাট চালিয়ে যান অধিনায়ক লিটন দাস। শুরুতে আগ্রাসী ব্যাটিংয়ে দলের রান বাড়ান তিনি। ৩ উইকেটে ৫০ রান হওয়ার পর বৃষ্টি নামে, থেমে যায় খেলা।
বিরতির পর ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। তবে রিসেটের পর আর ছন্দে ফিরতে পারেনি বাংলাদেশ। ১৭ বলে ২৬ রান করে আউট হন লিটন। এরপর দ্রুতই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। শামীম হোসেন পাটোয়ারী ৮ বলে ৩ রান করে ফেরেন, আর তাওহিদ হৃদয় ২৪ বলে ৩৩ রান করে ইনিংসের শেষ দিকে বিদায় নেন।
শেষ পর্যন্ত ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জশ ক্লার্কসন, নিয়েছেন ৩ উইকেট। নাথান স্মিথ ও বেন সিয়ার্স পেয়েছেন ২টি করে উইকেট, আর জেডন লেনক্স ও ইশ সোধি নেন ১টি করে উইকেট।
এমআই