Advertisement
Us Bangla Airlines
বউয়ের গালির ভয়ে মুমিনুলের সেঞ্চুরি নিয়ে আক্ষেপ

বউয়ের গালির ভয়ে মুমিনুলের সেঞ্চুরি নিয়ে আক্ষেপ

খেলা ডেস্ক

০৮ মে ২০২৬, ২১:৩৬

আর মাত্র ৯ রান। শতকের এত কাছে গিয়েও থেমে যেতে হয়েছে মুমিনুল হককে। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে তাই আক্ষেপটা থাকছেই। তবে সেই আক্ষেপের সঙ্গে মিশে গেল খানিকটা হাস্যরসও। কারণ, সেঞ্চুরি না পাওয়ার হতাশার চেয়ে নাকি এখন বেশি ভয় স্ত্রীর বকা!

দিনশেষের সংবাদ সম্মেলনে মুমিনুলকে প্রশ্ন করা হয়েছিল, টানা চার ইনিংসে ফিফটি পেরিয়েও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ কতটা পোড়াচ্ছে তাকে। জবাবে হাসতে হাসতেই এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এত দিন আক্ষেপ আছে মনে হয় নাই, আজকে হালকা মনে হয়েছিল। একটু, তা–ও বউয়ের কারণে। বউ হয়তো একটু গালি দিবে, এটাই।’

মুমিনুলের কথা শেষ হতেই হাসিতে ভরে যায় সংবাদ সম্মেলন কক্ষ। তবে পর মুহূর্তেই সিরিয়াস হয়ে নিজের ভাবনাটাও পরিষ্কার করেন তিনি। ‘দুই-তিন মিনিট একটু খারাপ লাগছিল। তবে আমার কাছে সেঞ্চুরির চেয়ে গুরুত্বপূর্ণ হলো রান করা, দলে অবদান রাখাটাই গুরুত্বপূর্ণ।’

মিরপুর টেস্টের প্রথম দিনে ২০০ বলে ৯১ রানের ইনিংস খেলেছেন মুমিনুল। ইনিংসটি সাজানো ছিল ১০টি চারে। তবে এটিই প্রথম নয়। এর আগে ৮২, ৬৩ ও ৮৭ রানের ইনিংস খেলেও শতকের দেখা পাননি তিনি। অর্থাৎ টানা চার ইনিংসে ফিফটি পেরিয়েও তিন অঙ্কে পৌঁছাতে পারেননি সাবেক এই অধিনায়ক।

মুমিনুল অবশ্য মনে করেন, সেঞ্চুরির কথা ভেবে কখনও ব্যাটিং করেন না তিনি। বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘আমি কোনো সময় ১০০ করব এই চিন্তায় খেলি না। আমি চিন্তা করি আমাকে ৪ সেশন, ৫ সেশন ব্যাটিং করতে হবে। ওই জায়গাটাতে হয়তো আরও শক্ত থাকতে হবে। পাঁচ সেশন ব্যাটিং করলে ১০০-১৫০ হয়ে যাবে।’

২০১৮ সালের পর থেকে সাদা বলের ক্রিকেটে নিয়মিত সুযোগ পান না মুমিনুল। ফলে টেস্ট ক্রিকেটই এখন তার একমাত্র আন্তর্জাতিক মঞ্চ।

এমআই