Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের পেস বিপ্লবের নেপথ্যে এক ব্যাটার!

বাংলাদেশের পেস বিপ্লবের নেপথ্যে এক ব্যাটার!

খেলা ডেস্ক

২১ মে ২০২৬, ২০:৩১

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে একসময় স্পিনাররাই ছিলেন মূল ভরসা। দল গঠন থেকে ম্যাচ পরিকল্পনা, সবকিছুর কেন্দ্রেই থাকতেন স্পিনাররা। সেই চেনা ধারায় পরিবর্তনের সাহস দেখিয়েছিলেন সাবেক অধিনায়ক ও সিনিয়র ব্যাটার মুমিনুল হক। অধিনায়ক হিসেবে তাঁর সময়টা খুব বেশি আলোচিত না হলেও, দেশের ক্রিকেটে তিনি রেখে গেছেন বড় এক পরিবর্তনের ছাপ।

মুমিনুলের সবচেয়ে বড় অবদান বাংলাদেশের পেস বোলিং কাঠামোয়। বিদেশের মাটিতে ভালো করতে হলে শক্তিশালী ফাস্ট বোলিং ইউনিটের বিকল্প নেই, বিষয়টি খুব দ্রুত বুঝেছিলেন তিনি। তাই টেস্ট দলে পেসারদের গুরুত্ব বাড়ানোর কাজ শুরু হয় তাঁর হাত ধরেই। এক পেসার নিয়ে খেলা বাংলাদেশ ধীরে ধীরে দুই, পরে তিন পেসার নিয়ে মাঠে নামতে শুরু করে।

শুরুর দিকে ফল খুব একটা আসেনি। সমালোচনাও কম হয়নি। তবে নিউজিল্যান্ডের মাটিতে এবাদত হোসেনের সেই স্মরণীয় স্পেল বদলে দেয় পুরো দৃশ্যপট। এরপর থেকেই বাংলাদেশের টেস্ট কাঠামোয় পেসারদের গুরুত্ব বাড়তে থাকে। শুধু সংখ্যা নয়, বৈচিত্র্যেও বদলে যায় দেশের পেস আক্রমণ।

কেউ সুইংয়ে, কেউ গতিতে, আবার কেউ নিখুঁত লাইন-লেন্থে প্রতিপক্ষকে চাপে ফেলতে শুরু করেন। পেসারদের উন্নতির পেছনে ঘরোয়া ক্রিকেটেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন মুমিনুল। তাঁর পরামর্শেই ডিউক বলের পরিবর্তে কোকাবুরা বল ব্যবহার শুরু করে বিসিবি। এতে বিদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হয়েছে বাংলাদেশের পেসারদের জন্য।

শুধু তাই নয়, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ফাস্ট বোলাররা যেন বেশি ওভার করতে পারেন, সেটিও বিশেষভাবে নিশ্চিত করেছিলেন তিনি। তখন মাঠের ফলাফল সবসময় বাংলাদেশের পক্ষে আসেনি। ফলে অধিনায়ক হিসেবে সমালোচনার চাপও নিতে হয়েছে মুমিনুলকে। শেষ পর্যন্ত টেস্ট নেতৃত্বও ছাড়তে হয় তাঁকে।

তবে সময়ের সঙ্গে স্পষ্ট হয়েছে, বাংলাদেশের পেস বোলিং বিপ্লবের ভিতটা তৈরি হয়েছিল তাঁর সময়েই। এবার সেই কৃতিত্ব প্রকাশ্যে স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় মুমিনুলই মূল ব্যক্তি, যিনি বাংলাদেশের পেস বোলিং ইউনিট বদলে দিয়েছেন।’

এখন সেই পেসাররাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা। তাসকিন আহমেদ, নাহিদ রানাদের ওপর আস্থা রেখেই ঘরের মাঠে সবুজ উইকেট বানিয়ে পাকিস্তানের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। অথচ পেস বোলিংয়ের জন্য পরিচিত পাকিস্তানকেই সিরিজজুড়ে ছাপিয়ে গেছেন বাংলাদেশের ফাস্ট বোলাররা।

প্রয়োজনের মুহূর্তে ব্রেকথ্রু এনে দেওয়া, চাপের সময় ব্যাটসম্যানদের চাপে রাখা কিংবা ম্যাচের নিয়ন্ত্রণ ঘুরিয়ে দেওয়া—সবখানেই দারুণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের পেসাররা। আর এই পেস বিপ্লবের পেছনে যে মুমিনুল হকের সাহসী চিন্তা বড় ভূমিকা রেখেছে, সেটি এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।

এমআই