Advertisement
Us Bangla Airlines
মুশফিককে কী বলেছিলেন শান মাসুদ?

মুশফিককে কী বলেছিলেন শান মাসুদ?

খেলা ডেস্ক

১৮ মে ২০২৬, ২২:৫৮

সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ের মাঝেই দেখা যায় ভিন্ন এক দৃশ্য। পাকিস্তান অধিনায়ক শান মাসুদের সঙ্গে কথার লড়াইয়ে জড়ান মুশফিকুর রহিম। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে মুখ খুলেছেন তাইজুল ইসলাম।

দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্পিনার জানান, দীর্ঘ সময় ফিল্ডিং করায় পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে কিছুটা হতাশা কাজ করছিল। আর সেখান থেকেই পরিস্থিতির সৃষ্টি।

তাইজুল বলেন, ‘খেলার মধ্যে অনেক কিছুই হতে পারে। তারা অনেকক্ষণ ধরে ফিল্ডিং করছিল, হয়তো মেজাজ ধরে রাখতে পারেনি। মুশফিক ভাই তেমন কিছু বলেনি। উনি স্বাভাবিকভাবেই আম্পায়ারের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু সে কী বুঝেছে বা বুঝেনি জানি না, প্রতিক্রিয়া দেখিয়েছে।’

তবে ঠিক কী বলা হয়েছিল, সেটাও জানিয়েছেন তাইজুল। তিনি বলেন, ‘আমাকে বলছিল, “তুমি ব্যাট করতে আসো।” আসলে এটা তো ওর কাজ না। ব্যাট করাটা আমার কাজ।’ অর্থাৎ তাইজুল ব্যাটিংয়ে গেলে দেখে নেওয়ার একটা প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন শান মাসুদ। যদিও পরের বলে বাউন্ডারি হাঁকান তাইজুল।

তৃতীয় দিনে মুশফিকুর রহিমের ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ। ম্যাচ জিততে হলে চতুর্থ ইনিংসে বিশ্বরেকর্ড গড়তে হবে সফরকারীদের। কারণ টেস্ট ইতিহাসে এর আগে কোনো দল ৪১৮ রানের বেশি তাড়া করে জিততে পারেনি।

তিনি বলেন, ‘এটা চতুর্থ ইনিংস, কিন্তু উইকেট এখনও ভালো আছে। তবে দিন শেষে লক্ষ্যটাও গুরুত্বপূর্ণ। তারা যখন এত বড় টার্গেট দেখবে, তখন মাথায় অনেক কিছু কাজ করতে পারে।’

এমআই