Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে খেলতে না যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

বিশ্বকাপে খেলতে না যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

খেলা ডেস্ক

১১ মে ২০২৬, ১৯:০৯

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বহুল আলোচিত এই সিদ্ধান্তের পেছনের কারণ খতিয়ে দেখতেই গঠন করা হয়েছে কমিটি।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর।

কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি, সেই পুরো বিষয়টি পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের। এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা।

তবে কমিটিতে হাবিবুল বাশারের অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। কারণ, তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক এবং বিসিবির বেতনভুক্ত কর্মকর্তা। বিশ্বকাপে না যাওয়ার মতো সংবেদনশীল ঘটনায় বিসিবির দায়িত্বশীল একজন কর্মকর্তাকে তদন্ত কমিটিতে রাখাকে কেউ কেউ প্রশ্নের চোখে দেখছেন।

এদিকে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন হাবিবুল বাশার। পাশাপাশি ক্রীড়াঙ্গনের সমস্যা নিরসনে গঠিত মন্ত্রণালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কমিটিরও সদস্য তিনি।

প্রসঙ্গত, ভারতের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। দেশটির ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে সরকারের জোরালে দাবিতে বিশ্বকাপে অংশ নিতে পারেনি ক্রিকেটাররা।

এমআই