Advertisement
Us Bangla Airlines
৪১৩ রান করেও স্বস্তিতে নেই বাংলাদেশ

৪১৩ রান করেও স্বস্তিতে নেই বাংলাদেশ

খেলা ডেস্ক

০৯ মে ২০২৬, ১৮:০৬

পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৪১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েও স্বস্তিতে থাকতে পারছে না বাংলাদেশ। মিরপুর ব্যাট হাতে দারুণ জবাব দিচ্ছে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ রান। এখনও তারা পিছিয়ে ২৩৪ রানে, তবে হাতে আছে ৯ উইকেট।

পাকিস্তানের হয়ে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার ইমাম উল হক ও অভিষিক্ত আজান আওয়াইস। দুজন মিলে গড়েন ১০৬ রানের জুটি। অনেক চেষ্টার পর এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তার বলে ৪৫ রান করে এলবিডব্লিউ হন ইমাম উল হক।

তবে উইকেট হারানোর পরও চাপে পড়েনি পাকিস্তান। দিনের বাকি সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন আজান ও আরেক অভিষিক্ত আবদুল্লাহ ফজল। আজান ৮৫ ও ফজল ৩৭ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করবেন।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। ৪ উইকেটে ৩০১ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা। তবে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে একসময় চারশ পার করা নিয়েও শঙ্কা তৈরি হয়।

প্রথমে ফিরেন লিটন দাস। ৩৩ রান করে মোহাম্মদ আব্বাসর বলে ক্যাচ দেন তিনি। এরপর ১০ রান করে আউট হন মিরাজও। তাইজুল ইসলাম করেন ১৭ রান। লাঞ্চের পরপরই থামে মুশফিকের ৭১ রানের দারুণ ইনিংস। নিজের ৩৯তম জন্মদিনে ক্যারিয়ারের ২৯তম টেস্ট ফিফটি করা এই ব্যাটারকে বোল্ড করেন শাহিন শাহ আফ্রিদি।

এরপর শূন্য রানে ফিরেছেন এবাদত হোসেন। তাতে পাঁচ উইকেট পূর্ণ হয় আব্বাসের। একসময় ৩৮৪ রানে ৯ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে ৪০০ পার করান তাসকিন আহমেদ। আগ্রাসী ব্যাটিংয়ে ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন গুরুত্বপূর্ণ রান। তাতে ৪১৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ

পাকিস্তানের হয়ে আব্বাস নেন ৫ উইকেট, আর শাহিন শিকার করেন ৩টি।

এমআই