অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন শান্ত
খেলা ডেস্ক
০৮ মে ২০২৬, ১৭:২৬
চা বিরতির ঠিক আগ মুহূর্তে থেমে গেল দুর্দান্ত এক ইনিংস। মুহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউর আবেদন প্রথমে নাকচ করেছিলেন আম্পায়ার। তবে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের রিভিউ বদলে দেয় সিদ্ধান্ত। তাতেই ভাঙে ১৭০ রানের জুটি, থামে নাজমুল হোসেন শান্তর অনবদ্য পথচলা।
আউট হওয়ার আগের বলেই কভার ড্রাইভে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক। ১২৯ বলে ১২ চার ও ২ ছক্কায় তিন অঙ্কের মাইলফলকে পৌঁছান তিনি। সবশেষ পাঁচ ম্যাচে এটি ছিল শান্তর চতুর্থ সেঞ্চুরি। তবে এই শতকের মাহাত্ম্য আরও বড়। অধিনায়ক হিসেবে এটি ছিল শান্তর পঞ্চম টেস্ট সেঞ্চুরি।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নতুন উচ্চতায়। মাত্র ১৭ ম্যাচেই অধিনায়ক হিসেবে পাঁচ সেঞ্চুরি করে তিনি ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। এর আগে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ চার সেঞ্চুরির রেকর্ড ছিল মুশফিকের, যিনি খেলেছিলেন ৩৪ ম্যাচ।
নেতৃত্বের ব্যাট হাতে শান্তর সেঞ্চুরির যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২০২৫ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গলে করেন জোড়া সেঞ্চুরি। একই বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষেও তুলে নেন আরেকটি শতক। আর এবার মিরপুরে খেললেন ইতিহাসগড়া ইনিংস।
এমআই