জোড়াতালি দিয়ে আর বিপিএল আয়োজন করবে না বিসিবি
খেলা ডেস্ক
০৭ মে ২০২৬, ২১:০৮
টানা কয়েকটি বিতর্কিত আসরের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান সভাপতি তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধু আয়োজনের জন্য আর জোড়াতালি দিয়ে বিপিএল করতে চায় না বোর্ড।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিপিএলের সাম্প্রতিক অব্যবস্থাপনা, ফ্র্যাঞ্চাইজি সংকট ও আর্থিক জটিলতা নিয়ে কথা বলেন তামিম। তার মতে, শক্তিশালী ও দায়িত্বশীল ফ্র্যাঞ্চাইজি ছাড়া এমন টুর্নামেন্ট আয়োজনের কোনো অর্থ নেই।
তামিম বলেন, ‘আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমার মনে হয় না বিপিএল করা উচিত। শুধু করার জন্য বিপিএল করার চেয়ে না করাই ভালো।’ তিনি আরও বলেন, নিয়মিত বিপিএল আয়োজনের পক্ষেই তিনি। তবে সবচেয়ে বড় সমস্যা এখন নির্ভরযোগ্য ফ্র্যাঞ্চাইজি খুঁজে পাওয়া।
বিসিবি সভাপতি বলেন, ‘আমি যদি এমন কিছু করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে দায় আমারই। ভুল হতেই পারে, কিন্তু জেনেশুনে ভুল করা অপরাধ।’
সবশেষ দুই আসরে বিপিএল ঘিরে সমালোচনার শেষ ছিল না। ২০২৫ আসরে ফিক্সিং অভিযোগ, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজির অনিয়ম এবং সাংগঠনিক বিশৃঙ্খলা বড় প্রশ্ন তুলে দেয় টুর্নামেন্টের মান ও পরিচালনা নিয়ে। সর্বশেষ আসরেও কয়েকটি দলের আর্থিক ও প্রশাসনিক দুর্বলতা সামনে আসে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহাও স্বীকার করেছেন আগের কিছু ভুল সিদ্ধান্তের কথা। তিনি জানান, দুটি দল আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই একটি আসর খেলে ফেলেছে। এছাড়া চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বও পরে বিসিবিকে নিতে হয়েছিল।
এমআই