Advertisement
Us Bangla Airlines
ইন্দারবির সিং থেকে যেভাবে হলেন ইশ সোধি

ইন্দারবির সিং থেকে যেভাবে হলেন ইশ সোধি

খেলা ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ২৩:১৮

নিউজিল্যান্ডের কন্ডিশন যেখানে গতি বোলারদের দাপট, সেখানে একজন লেগ স্পিনারের দীর্ঘ পথচলা সহজ নয়। তবু সব বাধা পেরিয়ে প্রায় ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা ধরে রেখেছেন ইশ সোধি। ৩৩ বছর বয়সী এই লেগ স্পিনার নিজেকেই তাই ভাগ্যবান মনে করেন।

ঘরোয়া ক্রিকেটের ছোট মাঠ, স্পিনারদের কম সহায়তা, তার ওপর লেগ স্পিনারদের ব্যয়বহুল হয়ে ওঠার ঝুঁকি, সব মিলিয়ে চ্যালেঞ্জ কম ছিল না। সেই বাস্তবতাকে পাশ কাটিয়েই ২০১৩ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার, সেটিও বাংলাদেশের চট্টগ্রামে। এখন আবার বাংলাদেশেই টি-টোয়েন্টি সিরিজ খেলছেন তিনি।

কুড়ি ওভারের ক্রিকেটে সোধির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। নিউজিল্যান্ডের হয়ে ১৩৪ ম্যাচে নিয়েছেন ১৬৪ উইকেট, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায়ও আছেন শীর্ষ সারিতে।

তবে ‘ইশ সোধি’ নামের পেছনে আছে এক ভিন্ন গল্প। তার আসল নাম ইন্দারবির সিং সোধি। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের শৈশবের ডাকনাম ছিল ‘ইশু’। পরে নিউজিল্যান্ডে স্থায়ী হওয়ার পর ‘ইন্দারবির’ নামটি উচ্চারণ করতে গিয়ে সমস্যায় পড়েন তার বন্ধুরা।

সমাধান আসে এক ভিন্ন উপায়ে। একটি গল্পের বইয়ের ‘ইশমায়েল’ নামের পাখি থেকে অনুপ্রাণিত হয়ে বন্ধুরা তাকে ‘ইশমায়েল’ বলে ডাকতে শুরু করে। সেখান থেকেই ধীরে ধীরে ছোট হয়ে যায় নাম, ‘ইশ’। এভাবেই ইন্দারবির সিং সোধি হয়ে ওঠেন ‘ইশ সোধি’।

আজ বিশ্ব ক্রিকেটে এই নামেই বেশি পরিচিত তিনি। অফিসিয়াল রেকর্ড ও প্রোফাইলেও এখন ‘ইশ সোধি’ নামটিই ব্যবহৃত হয়। নামের এই পরিবর্তনে হারিয়ে যাননি তিনি, বরং নতুন পরিচয়েই গড়েছেন নিজের অবস্থান।

নিউজিল্যান্ড দলে তিন ফরম্যাটেই খেলেছেন, যদিও টি-টোয়েন্টিতেই সবচেয়ে নিয়মিত মুখ তিনি। স্পিনের ঘূর্ণি আর ভিন্নধর্মী নামের গল্প মিলিয়ে আলাদা এক পরিচয় গড়ে তুলেছেন এই কিউই লেগ স্পিনার।

এমআই