Advertisement
Us Bangla Airlines
ক্রিকেটের নতুন বিপ্লবে ইতিহাস গড়লেন সারা টেইলর

ক্রিকেটের নতুন বিপ্লবে ইতিহাস গড়লেন সারা টেইলর

খেলা ডেস্ক

১৪ মে ২০২৬, ২০:৪৯

মায়াবি চেহারার মাঝে হরিণী চোখ। ফ্যাকাসে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফুটে ওঠে অবয়ব। দারুণ রূপের সঙ্গে গুণেও দুর্দান্ত সারা টেইলর। মাত্র ১৭ বছর বয়সেই ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক। এরপর খেলেছেন দীর্ঘ ১৩ বছর। লম্বা সময়ের ক্যারিয়ারে বিশ্বের বাঘা বাঘা বোলারকে একা হাতে শাসন করেছেন সারা। ঈর্ষণীয় ব্যাটিং গড় আর রেকর্ডের পরিসংখ্যান, সারার পক্ষেই দিচ্ছে প্রমাণ। সেই সারা এখন ক্রিকেটার থেকে কোচ হয়েছেন, তাও আবার বিশ্ব সংস্কৃতির শিকল ভেঙে। রূপে মন কেড়ে গুণে বিশ্বজয় করেছেন এই ইংলিশ ক্রিকেটার।

২০০৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন সারা টেইলর। ভারতের বিপক্ষে ফিফটি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে আলোচনায় আসেন এই ক্রিকেটার। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে নিজের নামের পাশে বহু কীর্তি রেখে যান সারা। ওয়ানডেতে তার ব্যাটিং গড় ৩৮, টি-টোয়েন্টিতে ২৯। বাংলাদেশের পুরুষ দলেও কোনো ব্যাটারের এমন ঈর্ষণীয় ব্যাটিং গড় নেই। এমনকি তামিম-মুশফিকসহ যারা বিদায় নিয়েছেন, তাদের কেউই এমন পারদর্শিতা দেখিয়ে বিদায় নিতে পারেননি।

ব্যাটিং ছাড়াও সারা বেশি আলোচনায় ছিলেন তার উইকেটকিপিংয়ের দক্ষতায়। গ্লাভস পরে দুই হাত এত দ্রুত পরিচালনা করতেন, যা অবিশ্বাস্য বলা ছাড়া উপায় নেই। ২০১৮ সালে কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট তো বলেই বসলেন, ‘পুরুষ-মহিলা ক্রিকেটে সারা টেইলরই বিশ্বসেরা উইকেটকিপার।’ কিপিং নিয়ে অবিশ্বাস্য কিছু ঘটনাও জন্ম দিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। ব্রাইটন কলেজের পুরুষ উইকেটরক্ষককে পেছনে ফেলে নারী হয়েও তাদের প্রথম দলে জায়গা করে নেন সারা টেইলর।

২০১৩ সালে যখন তিনি ফর্মের তুঙ্গে, তখনই উঠেছিল আরেক গুঞ্জন। সাসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে নাকি খেলতে নামবেন এই নারী উইকেটকিপার। বিষয়টি নিয়ে বিশ্ব ক্রিকেটে বেশ শোরগোল পড়ে গেলেও শেষ পর্যন্ত তা ঘটেনি। তবে সেই বছরের শেষের দিকে বার্মিংহাম প্রিমিয়ার লিগে ওয়ালমলির হয়ে সিনিয়র পুরুষ ক্রিকেটে তার অভিষেক হয়। নারী হয়েও পুরুষ ক্রিকেটে দাপিয়ে বেড়ানো সারা তাই তো এসেছেন এত বেশি আলোচনায়। আর উইকেটকিপিংয়ে ২৩২ ডিসমিসাল তাকে বানিয়েছে অনন্য।

ইংল্যান্ড নারী দলে খেলা সারা অবসরের পর যোগ দিয়েছেন পুরুষ দলের কোচিংয়ে। ২০২১ সালে সাসেক্সের উইকেটরক্ষক কোচ হিসেবে যোগ দেন তিনি। এরপর কাজ করেছেন ম্যানচেস্টারে। সম্প্রতি সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ইংল্যান্ড লায়ন্স (এ দল) দলে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন সারা। নিজের গুণে নজর কেড়ে সারা এবার যোগ দিচ্ছেন ইংল্যান্ডের পুরুষ জাতীয় দলে। ক্রিকেট বিশ্বে এবারই প্রথম কোনো নারী আন্তর্জাতিক দলের কোচ হিসেবে কাজ করবেন।

বেন স্টোকসদের সঙ্গে সারার দায়িত্ব খণ্ডকালীন। টেস্ট সিরিজে কাজ করেই ফিরবেন পুরোনো গন্তব্যে। কিন্তু অল্প সময়ের জন্য ইংল্যান্ডের পুরুষ দলে যোগ দিয়ে গড়বেন ইতিহাস। ক্রিকেট বিশ্বে সারাই প্রথম ও একমাত্র নারী কোচ, যিনি পুরুষ জাতীয় দলকে কোচিং করাবেন। সংস্কৃতির শিকল ভেঙে একদিন কাউকে না কাউকে ফিরতেই হতো। পুরুষদের মতো নারীরাও যে দক্ষ, সেটা দেখানোই লাগতো। অতীতের পুরুষদের সঙ্গে খেলা সারা টেইলর সেটাই দেখিয়েছেন। ইংল্যান্ড থেকে ভেঙেছেন ‘পুরুষ দলে কেবল পুরুষ কোচ’ আধিপত্যবাদ।

এমআই