বিশ্বকাপের আগে দুই দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ
খেলা ডেস্ক
১৩ মে ২০২৬, ২৩:০৯
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আসর শুরুর এক মাস আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। সেখানে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে নিগার সুলতানার দল।
আগামী ৬ জুন প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে গত আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। এরপর ৯ জুন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের লাফবরায়, যেখানে জন্ম হামজা চৌধুরীরও।
বিশ্বকাপের আগে ৬ থেকে ১০ জুনের মধ্যে মোট ১২টি প্রস্তুতি ম্যাচ আয়োজন করবে আইসিসি। নিজেদের প্রস্তুতি পরখ করে নেওয়ার পাশাপাশি মূল আসরের আগে দল গোছানোর সুযোগ পাবে অংশগ্রহণকারী দলগুলো।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। নিগার সুলতানাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
১২ জুন পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৪ জুন বার্মিংহামে, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৭ জুন লিডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
২০ জুন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। একই মাঠে পরের ম্যাচ ভারতের সঙ্গে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ নারী দল। সেই সফরের জন্য আগামী ২৫ মে দেশ ছাড়বেন ক্রিকেটাররা।
এমআই