স্টোকসদের কোচ হলেন সারাহ টেইলর
খেলা ডেস্ক
১৩ মে ২০২৬, ২৩:০২
ইংল্যান্ড নারী দলের সাবেক তারকা উইকেটরক্ষক সারাহ টেইলর এবার নতুন ভূমিকায়। বেন স্টোকস, জো রুটদের ইংল্যান্ড টেস্ট দলে ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য তাঁকে স্বল্পমেয়াদে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আগামী ৪ জুন লর্ডসে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওভাল ও ট্রেন্ট ব্রিজে, যথাক্রমে ১৭ ও ২৫ জুন।
ইংল্যান্ড লায়ন্স দলে অ্যান্ড্রু ফ্লিন্টফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সারাহ টেইলরের। এবার প্রথমবারের মতো পুরুষদের মূল টেস্ট দলের কোচিং স্টাফে যুক্ত হলেন তিনি। মূলত কার্ল হপকিন্সের পরিবর্তে দায়িত্ব পালন করবেন সারাহ। বর্তমানে হপকিন্স আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কাজ করছেন।
খেলোয়াড়ি জীবনে নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়ে অন্যতম সেরা উইকেটরক্ষকদের একজন হিসেবে বিবেচনা করা হতো সারাহ টেইলরকে। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ২২৬ ম্যাচ। ২০১৭ নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান।
অবসরের পর কোচিংয়েও দ্রুত নিজের জায়গা তৈরি করেছেন তিনি। এর আগে সাসেক্স ও ম্যানচেস্টার অরিজিনালসের মতো পুরুষ দলগুলোর সঙ্গেও কাজ করেছেন সারাহ। এবার ইংল্যান্ডের টেস্ট দলে যোগ দিয়ে ক্যারিয়ারে যোগ করলেন নতুন আরেকটি অধ্যায়।
এমআই