মিরপুর টেস্টের আলোচিত ৫ রেকর্ড
খেলা ডেস্ক
১২ মে ২০২৬, ২১:৪৭
দেশের মাটিতে প্রথমবার পাকিস্তানকে টেস্ট হারিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে কেবল দাপুটে জয়ই পায়নি বাংলাদেশ, গড়েছে একের পর এক ইতিহাসও। নাহিদ রানার আগুনে বোলিং থেকে শুরু করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নতুন মাইলফলক। ঢাকা টেস্ট স্মরণীয় হয়ে থাকল একাধিক রেকর্ডে।
নাহিদের ঐতিহাসিক ফাইফার
দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন নাহিদ রানা। টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে এই প্রথম কোনো বাংলাদেশি পেসার পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়লেন। মিরপুরের উইকেটে তার গতি আর আগ্রাসনের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
১৬ বছরের অপেক্ষার অবসান
দেশের মাটিতে দীর্ঘ ১৬ বছর পর কোনো বাংলাদেশি পেসার টেস্টে পাঁচ উইকেট পেলেন। সবশেষ ২০১০ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন শাহাদাত হোসেন। লম্বা সময় পর সেই অপেক্ষার অবসান ঘটালেন নাহিদ রানা।
পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় জয়
পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। আগের দুইটি জয় এসেছিল ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে। তবে সবচেয়ে বড় ব্যাপার, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ঐতিহাসিক এই জয়ে নতুন এক অধ্যায় লিখল টাইগাররা।
শান্তর নেতৃত্বে নতুন মাইলফলক
অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর এটি ছিল সপ্তম টেস্ট জয়। মাত্র ১৭ ম্যাচেই এই অর্জনে পৌঁছে বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কদের তালিকায় শীর্ষে উঠে গেলেন তিনি। বাংলাদেশের আর কোনো অধিনায়ক তার চেয়ে বেশি টেস্ট জয়ের দেখা পাননি।
মিরপুরে পেসারদের বিরল কীর্তি
এই টেস্টে বাংলাদেশের পেসারদের নেওয়া উইকেটের সংখ্যাও ছিল আলোচনায়। মিরপুরে বাংলাদেশি পেসাররা দ্বিতীয়বার এক টেস্টে ১০ উইকেট নিতে পারলেন। এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে ১৪ উইকেট নিয়েছিলেন টাইগার পেসাররা। এবারও পেস আক্রমণের দাপটেই মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ।
এমআই