তৃতীয় বাংলাদেশি হিসেবে মুমিনুলের নতুন রেকর্ড
খেলা ডেস্ক
১১ মে ২০২৬, ১৭:২৫
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেই নিজের নাম নতুন উচ্চতায় তুলে নিলেন মুমিনুল হক। দুই ইনিংসে ১৪৭ রান করে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি ব্যাটার। এর মধ্য দিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে এই অনন্য কীর্তিতে নাম লেখালেন তিনি।
ম্যাচের প্রথম ইনিংসে খেলেছিলেন ৯১ রানের দারুণ এক ইনিংস। সেঞ্চুরি না পেলেও দলের ভিত গড়ে দেন নিজের স্বভাবসুলভ ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিংয়ে। এরপর দ্বিতীয় ইনিংসে আরও ৫৬ রান যোগ করতেই পূর্ণ হয় পাঁচ হাজার রানের মাইলফলক। তাতেই তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান করেন তিনি।
এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে পাঁচ হাজার রানের ক্লাবে জায়গা করে নিয়েছিলেন কেবল তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এবার সেই তালিকায় যুক্ত হলো মুমিনুলের নামও। দীর্ঘদিন ধরেই দেশের টেস্ট ব্যাটিংয়ের অন্যতম নির্ভরতার প্রতীক তিনি। এবার পরিসংখ্যানের খাতায় দেখালেন সামর্থ্যের প্রমাণ।
সাদা পোশাকের ক্রিকেটে মুমিনুল বরাবরই ছিলেন আলাদা। লম্বা সময় উইকেটে টিকে থাকা, স্পিন ভালো খেলা এবং ইনিংস গড়ার দক্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হিসেবে। ১৩ সেঞ্চুরি ও ২৬ ফিফটিতে সাজানো তার ক্যারিয়ার এখন আরও সমৃদ্ধ নতুন এই অর্জনে।
রেকর্ডের দিক থেকেও মুমিনুল উঠে এসেছেন বিশেষ এক জায়গায়। পাকিস্তান সিরিজের প্রথম টেস্টেই পাঁচ হাজার রান পূর্ণ করায় দ্রুততম বাংলাদেশি ব্যাটারদের তালিকায় তিনি পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমকে। ১৪১ ইনিংসে পাঁচ হাজার রান করেছেন মুমিনুল, যেখানে মুশফিকের লেগেছে ১৪৯ ইনিংস।
এমআই