অধিনায়কের চাওয়া ৪০০, প্রথম দিনেই ৩০০ করল বাংলাদেশ
খেলা ডেস্ক
০৮ মে ২০২৬, ১৮:১৪
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, প্রথম ইনিংসে অন্তত ৪০০ রান দেখতে চান তিনি। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে সেই লক্ষ্যপূরণের পথেই এগোচ্ছে বাংলাদেশ। অধিনায়কের রেকর্ডগড়া সেঞ্চুরি, মুমিনুল হকের আক্ষেপমাখা ৯১ আর মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে দিন শেষ করেছে।
শুরুটা অবশ্য স্বস্তির ছিল না বাংলাদেশের জন্য। টস জিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ব্যাটিংয়ে পাঠান স্বাগতিকদের। নতুন বলে শুরু থেকেই চাপ তৈরি করেন পাকিস্তানি পেসাররা। ১৯ বলে ৮ রান করে ফিরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তাকে আউট করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন শাহিন শাহ আফ্রিদি।
এর কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন সাদমান ইসলামও। হাসান আলীর বলে সালমান আলী আঘার হাতে ক্যাচ দেওয়ার আগে ৩০ বলে করেন ১৩ রান। মাত্র ৩১ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন অধিনায়ক শান্ত ও মুমিনুল।
পাকিস্তানি বোলারদের ধৈর্য ভেঙে তৃতীয় উইকেটে তারা গড়েন ১৭০ রানের দুর্দান্ত জুটি। ইনিংসজুড়ে ছিলেন দারুণ আত্মবিশ্বাসী শান্ত। কভার ড্রাইভ, পুল আর আগ্রাসী শটে প্রতিপক্ষকে চাপে রেখে ১২৯ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। সর্বশেষ পাঁচ টেস্টের চারটিতেই সেঞ্চুরি করেছেন বাংলাদেশ অধিনায়ক।
নেতৃত্বের চাপ যেন তার ব্যাটকে আরও ধারালো করে তুলেছে। অধিনায়ক হিসেবে এটি ছিল শান্তর পঞ্চম টেস্ট সেঞ্চুরি, যা তাকে বসিয়েছে বাংলাদেশের ইতিহাসের শীর্ষে। মাত্র ১৭ ম্যাচেই পাঁচ সেঞ্চুরি করে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে, যার ছিল ৩৪ ম্যাচে চার শতক।
তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। মুহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ১৩০ বলে ১০১ রান করেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ১২টি চার ও ২ ছক্কায়। একপ্রান্তে শান্ত ঝড় তুললেও অন্যপ্রান্তে দারুণ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন মুমিনুল।
ধীরে ধীরে এগোতে থাকা এই বাঁহাতি ব্যাটারও পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির খুব কাছে। কিন্তু নার্ভাস নাইনটিজ আবারও পুড়িয়েছে তাকে। নোমান আলীর বলে এলবিডব্লিউ হয়ে ৯১ রানেই থেমে যায় তার ইনিংস। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ২০০ বলের ইনিংসে মুমিনুল মেরেছেন ১০টি চার।
এরপর মুশফিকুর রহিম ও লিটন দাস দিন শেষ করেন অপরাজিত থেকে। মুশফিক ১০৪ বলে ৬ চারে ৪৮ রান করে ক্রিজে আছেন। লিটনের সংগ্রহ ৩৫ বলে ৮ রান। আগামীকাল নির্ধারিত সময়ে খেলা শুরু করবেন এই দুই ব্যাটার।
এমআই