Advertisement
Us Bangla Airlines
বাবার ফোনকলে বিশ্বকাপ দল থেকে বাদ তরুণ স্ট্রাইকার!

বাবার ফোনকলে বিশ্বকাপ দল থেকে বাদ তরুণ স্ট্রাইকার!

খেলা ডেস্ক

২০ মে ২০২৬, ২০:১১

বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন প্রায় সব ফুটবলারই। কেউ সেই সুযোগ পেতে চোখের জল ফেলেন, কেউ ছোটবেলা থেকেই লালন করেন বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন। অথচ তিউনিসিয়ার তরুণ স্ট্রাইকার লুয়ি বেন ফারহাতের ক্ষেত্রে ঘটল একেবারেই ভিন্ন ঘটনা। বাবার এক ফোনকলে বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেলেন না তিনি।

তিউনিসিয়ার ফুটবলের ভবিষ্যৎ তারকা হিসেবে ধরা হচ্ছিল ১৯ বছর বয়সী এই স্ট্রাইকারকে। বিশ্বকাপের আগে কোচ সাবরি লামুচির পরিকল্পনায়ও নিয়মিত ছিলেন বেন ফারহাত। ধারণা করা হচ্ছিল, চূড়ান্ত ২৬ সদস্যের দলেও জায়গা হবে তার। এমনকি মূল একাদশেও দেখা যেতে পারত তাকে।

কিন্তু স্কোয়াড ঘোষণার দিন চমকে যায় সবাই। তিউনিসিয়ার দলে নামই ছিল না বেন ফারহাতের। এরপর সংবাদ সম্মেলনে তার অনুপস্থিতি নিয়েই প্রশ্নের মুখে পড়েন কোচ লামুচি।

জবাবে তিনি জানান বিস্ময়কর এক তথ্য। তিউনিসিয়ার কোচ বলেন, ‘আজ সকালে ফারহাতের বাবার কাছ থেকে ফোন পেয়েছি। তিনি বলেছেন, এখনই তাকে দলে নেওয়া খুব তাড়াহুড়ো হয়ে যাবে। এত অল্প বয়সে তার ছেলেকে বিশ্বকাপে খেলাতে রাজি নন তিনি।’

কোচ আরও জানান, পরে বেন ফারহাতকে ফোন করলেও কোনো সাড়া পাননি। বিষয়টিকে তিনি অসম্মানজনক বলেও মন্তব্য করেন।

তিউনিসিয়ার সংবাদমাধ্যমের দাবি, বিশ্বকাপে খারাপ করলে ছেলের বাজারমূল্য কমে যেতে পারে এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে পরিবার। তাদের ধারণা, বড় মঞ্চে ব্যর্থ হলে ইউরোপের বড় ক্লাবগুলো আগ্রহ হারাতে পারে।

তবে তিউনিসিয়া ফুটবল মহলের আরেকটি ধারণাও রয়েছে। জার্মানিতে জন্ম নেওয়া বেন ফারহাত ভবিষ্যতে জার্মান জাতীয় দলের ডাক পাওয়ার আশায় আছেন বলেও আলোচনা চলছে।

এমআই