Advertisement
Us Bangla Airlines
এলপিএলের ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার

এলপিএলের ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার

খেলা ডেস্ক

২৫ মে ২০২৬, ১২:৫২

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের ড্রাফট সামনে রেখে বিদেশি ক্রিকেটারদের দীর্ঘ তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের ৪৮ জন ক্রিকেটার। আগামী ১ জুন অনুষ্ঠিত হবে এবারের ড্রাফট।

এবারের এলপিএলের জন্য ৬৫০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন। সেখান থেকে বাছাই করে ৩১০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকাতেই থাকবেন ড্রাফটের জন্য নির্বাচিত ক্রিকেটাররা।

বাংলাদেশ থেকে যারা প্রাথমিক তালিকায় আছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এ ছাড়া আছেন হাসান মাহমুদ, সাইফ হাসান, আফিফ হোসেন, রাকিবুল হাসান, নাঈম হাসান, রনি তালুকদারসহ আরও অনেকে।

বিদেশি ক্রিকেটারদের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি নাম এসেছে পাকিস্তান থেকে, ১০২ জন। ওয়েস্ট ইন্ডিজ থেকে ৭৫ জন, দক্ষিণ আফ্রিকা থেকে ৬৬ জন এবং বাংলাদেশের পরেই রয়েছে নিউজিল্যান্ড, যেখান থেকে নাম দিয়েছেন ৪১ জন ক্রিকেটার।

তবে বাংলাদেশের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান ড্রাফটে থাকছেন না। আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। দ্য হান্ড্রেডে খেলতে যাবেন বলে নাম দেননি মোস্তাফিজুর রহমান। রিশাদ নাম দিয়েছেন কি না, সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

এমআই