তবুও জয়ের আশা করছেন পাকিস্তানি কোচ
খেলা ডেস্ক
১৯ মে ২০২৬, ২১:১৩
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ফর্ম নিয়ে বেশ সংগ্রাম করছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে চলমান সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ধীরে ধীরে ছন্দে ফিরছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটার। আর তাকে ঘিরেই এবার আশাবাদী পাকিস্তান দলের ব্যাটিং কোচ আসাদ শফিক।
তিনি বলেন, ‘রিজওয়ান এখন ৭৫ রানে খেলছেন। ইনশাআল্লাহ, ও যদি এটাকে কনভার্ট করে ১০০ করতে পারে তাহলে দলের জন্য ভালো হবে। এ নিয়ে আমরা একসাথে বসে আগেও কথা বলেছি এবং আমরা আরও কথা বলব যে কীভাবে আমাদের কনভারশন রেট বাড়াতে পারি।’
তিনি আরও যোগ করেন, ‘আসলে আমার সাথে তার (রিজওয়ান) এখনো কথা হয়নি। কারণ আমি সরাসরি এখানে চলে এসেছি। আমি যখন যাব তখন তাকে জিজ্ঞেস করব। তবে কখনো কখনো এমন হয় যে আপনার সাথের ব্যাটার আত্মবিশ্বাসী থাকে যে সে খেলতে চায়।’
এদিকে মাঠে এদিন লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ানের মধ্যে সামান্য তর্কও দেখা যায়। তবে বিষয়টিকে বড় করে দেখছেন না পাকিস্তান কোচ।
তিনি বলেন, ‘(লিটন ও রিজওয়ানের মধ্যে) ঠিক কী ঘটেছিল সেটা আমি জানি না। তবে টেস্ট ম্যাচে এই ধরনের ঘটনা ঘটে। আমার মনে হয় এখানে সিরিয়াস কিছু ছিল না, এটা সাধারণ একটা কথোপকথন ছিল।’
এমআই