হামজাদের কোচ হচ্ছেন না কোলম্যান, জানাল বাফুফে
খেলা ডেস্ক
১৮ মে ২০২৬, ২০:২৬
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে ক্রিস কোলম্যানের নাম প্রায় চূড়ান্ত বলেই ধরে নেওয়া হচ্ছিল। তবে শেষ মুহূর্তে সেই সম্ভাবনায় ভাটা পড়েছে। এজেন্ট ফি নিয়ে জটিলতায় ওয়েলসের সাবেক কোচের সঙ্গে চুক্তি হচ্ছে না বলে নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
রোববার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাবিথ জানান, ১৫ মের মধ্যেই কোচ চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু চুক্তির আনুষ্ঠানিক পর্যায়ে গিয়েই তৈরি হয় জটিলতা। বিষয়টি পরিষ্কার করেছেন তাবিথ আউয়াল।
তিনি বলেন, ‘আমরা কোচ চূড়ান্ত করেছিলাম। চুক্তির দিকে এগোনোর সময় এজেন্ট ফি’র বিষয়টি সামনে আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এজেন্ট ফি দিয়ে চুক্তি করতে আগ্রহী নয়। আবার তারা এজেন্ট ফি ছাড়া রাজি নয়। ফলে বিষয়টি সেখানেই থেমে যায়।’
এর ফলে এখন নতুন একজন বিদেশি কোচের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। যদিও সেই কোচের নাম বা তিনি কোন দেশের, সে বিষয়ে কিছু জানাননি তাবিথ। তবে খুব দ্রুতই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
জাতীয় দলের সামনে এখন ব্যস্ত সূচি। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ২৪ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। নতুন কোচকে ক্যাম্পের শুরু থেকেই দায়িত্বে দেখতে চান বাফুফে সভাপতি।
তাবিথ বলেন, ‘এটা নিশ্চিত করে বলতে পারি, নতুন বিদেশি কোচের অধীনেই বাংলাদেশ সান মারিনোর বিপক্ষে খেলবে। আর সেই কোচ ২৪ মে থেকেই দলের সঙ্গে থাকবে।’
কোলম্যানের নাম সামনে আসার পর বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। এমনকি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও এ বিষয়ে ইতিবাচক ছিলেন। তবে কোলম্যানকে আনতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হতো, যেখানে ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তারও দরকার ছিল। এবার খুব বেশি সহায়তা লাগবে না মনে করছেন বাফুফে সভাপতি।
এমআই