অভিষেক সিরিজে ১২ উইকেট নিয়ে কেন বাদ পড়লেন মুরাদ?
খেলা ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ২২:১৩
অভিষেক সিরিজেই ১২ উইকেট, সংখ্যাটা যেকোনো নতুন স্পিনারের জন্য স্বপ্নের মতো। তবু সেই পারফরম্যান্সও জায়গা নিশ্চিত করতে পারেনি হাসান মুরাদের। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা হয়নি এই বাঁহাতি স্পিনারের, যা নিয়ে স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন।
বয়সভিত্তিক ক্রিকেট থেকেই ভবিষ্যতের টেস্ট বোলার হিসেবে দেখা হচ্ছিল মুরাদকে। গত নভেম্বরে টেস্ট অভিষেকের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে দারুণ বোলিং করে নজর কাড়েন তিনি। কিন্তু পরের সিরিজেই স্কোয়াডের বাইরে।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানালেন, এটা পারফরম্যান্সের নয়, কৌশলগত সিদ্ধান্ত। তিনি বলেন, ‘পারফরম্যান্স কোনো ইস্যু না। হাসান মুরাদ গত সিরিজে খুব ভালো বল করেছে। কিন্তু পাকিস্তান দলের ব্যাটিং লাইনআপ দেখলে বোঝা যায়, তাদের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যান বেশি। সেই চিন্তা থেকেই আমরা ভিন্ন কম্বিনেশন ভাবতে বাধ্য হয়েছি।’
এই পরিকল্পনার অংশ হিসেবেই দলে ফেরানো হয়েছে অফস্পিনার নাঈম হাসানকে। বাশারের মতে, আগে যেমন কৌশলগত কারণে নাঈম বাদ পড়েছিলেন, এবার ঠিক একই কারণে সুযোগ পেলেন তিনি। ‘নাঈম যখন বাদ পড়েছিল, সেটাও ফর্মের কারণে ছিল না। ট্যাকটিক্যাল সিদ্ধান্ত ছিল। এবারও আমরা একইভাবে সিদ্ধান্ত নিয়েছি।’
পাকিস্তান সিরিজের স্কোয়াডে আরও কিছু পরিবর্তন এসেছে। দেড় বছর পর দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। অন্যদিকে বাদ পড়েছেন সৈয়দ খালেদ আহমেদ। ইনজুরি কাটিয়ে ফেরার পর খুব একটা ছন্দে না থাকলেও জায়গা ধরে রেখেছেন ইবাদত হোসেন।
এমআই