Advertisement
Us Bangla Airlines
ওপেনারকে বাদ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ওপেনারকে বাদ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

খেলা ডেস্ক

২৬ এপ্রিল ২০২৬, ১৮:৫৭

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ হাতছাড়া হওয়ার দিনেই টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ৮৪ ম্যাচ খেলা অভিজ্ঞ ওপেনারকে বাইরে রেখেই সাজানো হয়েছে ১৫ সদস্যের স্কোয়াড, যেখানে জায়গা পেয়েছেন নতুন মুখ শারমিন সুলতানা।

গতকাল শনিবার দিনটা ভালো যায়নি স্বাগতিকদের। তৃতীয় ওয়ানডেতেও হার, ফলে প্রথম ম্যাচ জয়ের পর টানা দুই পরাজয়ে সিরিজ খোয়াতে হয়েছে বাংলাদেশ নারী দলকে। সেই হতাশার মধ্যেই বিকেলে আসে নতুন সিরিজের প্রস্তুতির বার্তা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ও ২ মে।

ঘোষিত দলে সবচেয়ে বড় পরিবর্তন ওপেনিংয়ে। অভিজ্ঞ ব্যাটার ফারজানা হকের জায়গায় নেওয়া হয়েছে শারমিন সুলতানাকে, যিনি এখনও টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায়। দীর্ঘ বিরতির পর ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরা এই ব্যাটারকে এবার দেখা যেতে পারে সংক্ষিপ্ত সংস্করণেও।

ধীরগতির ব্যাটিং নিয়ে বেশ সমালোচিত ফারজানা হক পিংকি। হয়তো এই কারণে তাকে স্কোয়াডে রাখা হয়নি। দল থেকে বাদ পড়া ফারজানাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। তার সঙ্গে আছেন শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহার।

একনজরে টি-টোয়েন্টি স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার। দলে আছেন দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা।

এমআই