‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ও ভারতের সঙ্গে বেশি ম্যাচ খেলতে চাই’
খেলা ডেস্ক
২০ মে ২০২৬, ১৬:০৯
পাকিস্তান সিরিজে টানা সাফল্যের পর আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশ দল। সিলেটে দ্বিতীয় টেস্টে জয় নিশ্চিত করে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর সংবাদ সম্মেলনে দলের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিনি জানান, বড় দলের বিপক্ষে নিয়মিত খেলাই এখন বাংলাদেশের উন্নতির প্রধান পথ। শান্ত বলেন, ‘বড় দলগুলো সাধারণত চাপের মুহূর্তে বেশি শান্ত থাকে। বাংলাদেশও সেই জায়গায় উন্নতি করছে। সামগ্রিকভাবে টানা ১০ দিনে দুটি টেস্ট জিততে পারা দলের জন্য বড় অর্জন।’
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে অধিনায়ক আরও স্পষ্টভাবে বলেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ বাড়াতে চান তারা। তার বিশ্বাস, এমন প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচই দলকে এগিয়ে নেবে।
শান্ত বলেন, ‘যত বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ মিলবে, তত বেশি অভিজ্ঞতা অর্জন করবে দল। সেই অভিজ্ঞতাই ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটকে আরও পরিণত করবে। বড় দলগুলোর বিপক্ষে আইসিসি আরও বেশি টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ দেবে বলে আশা করছি।’
পেস আক্রমণ নিয়েও সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, গরম আবহাওয়া ও ফ্ল্যাট উইকেটেও ফাস্ট বোলাররা দারুণ পারফর্ম করেছে। পার্টনারশিপ গড়া এবং লোয়ার অর্ডারের অবদানও দলের বড় শক্তি হয়ে উঠছে বলে মনে করেন তিনি।
এমআই