লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৭৮ রানে থামল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৬ মে ২০২৬, ১৭:২৬
সিলেটের উইকেটে প্রথম সকাল থেকেই ছিল পেসারদের রাজত্ব। মেঘলা আবহাওয়া আর সবুজাভ উইকেট কাজে লাগিয়ে বাংলাদেশি ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন পাকিস্তানের পেসাররা। সেই পরীক্ষায় টপ অর্ডারের প্রায় সবাই ব্যর্থ। একের পর এক উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুললেন লিটন দাস।
লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতেই শেষ পর্যন্ত লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৭৭ ওভার ব্যাট করে ২৭৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রান করেন লিটন। চাপে ভরা ইনিংসে তার ব্যাটই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা।
শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন মাহমুদুল হাসান জয়। এরপর অভিষিক্ত তানজিদ হাসান কিছুটা প্রতিরোধের আভাস দিলেও ২৬ রানের বেশি করতে পারেননি। মুমিনুল হককে বোল্ড করেন খুররম শাহজাদ। আর সেট হয়ে যাওয়া নাজমুল হোসেন শান্ত ২৯ রান করে স্লিপে ক্যাচ দিলে চাপে পড়ে যায় বাংলাদেশ।
অভিজ্ঞ মুশফিকুর রহিমও ইনিংস বড় করতে পারেননি। ২৩ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। মেহেদী হাসান মিরাজ ফেরেন মাত্র ৪ রান করে। ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে তখন বড় বিপদের মুখে বাংলাদেশ।
সেখান থেকেই শুরু লিটনের লড়াই। প্রথমে তাইজুল ইসলামকে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। তাইজুল মাত্র ১৬ রান করলেও খেলেন ৪০ বল, যা লিটনকে ইনিংস গড়ার সুযোগ করে দেয়। পরে তাসকিন আহমেদের সঙ্গেও কিছুটা পথ এগোন এই উইকেটকিপার ব্যাটার।
চারদিকে উইকেট পড়লেও নিজের মনোযোগ হারাননি লিটন। দারুণ নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১৩৫ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২৬ রানের লড়াকু ইনিংস খেলে ফিরলেও লিটনের ব্যাটেই ১১৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ থামে ২৭৮ রানে।
এমআই