Advertisement
Us Bangla Airlines
বিশ্বের সেরা ৫ ব্যাটারের তালিকায় মুশফিক

বিশ্বের সেরা ৫ ব্যাটারের তালিকায় মুশফিক

খেলা ডেস্ক

১৮ মে ২০২৬, ২০:৫৫

টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা আর রান করার নির্ভরযোগ্যতা একজনকে ব্যাটারকে আলাদা করে পরিচিত করে। এই দুইয়ের সমন্বয়ে গড়া শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। জানুয়ারি ২০২২ থেকে ন্যূনতম ২৫টি টেস্ট খেলা ব্যাটারদের মধ্যে ব্যাটিং গড়ের হিসাবে তিনি আছেন শীর্ষ পাঁচে।

ব্যাটিং গড়ে বিশ্বের সেরা ৫ ব্যাটারের তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার দিনেশ চান্দিমাল। ৫৪.৯৭ গড়ে করেছেন ২১৪৪ রান। তারপরেই ইংল্যান্ডের হ্যারি ব্রুক, ৩১৭৮ রান করা এই ব্যাটারের গড় ৫৪.৭৯। ধারাবাহিকতার আরেক প্রতীক জো রুট ৪৪১২ রান করেছেন ৫৩.৮০ গড়ে, যেখানে আছে ১৮টি সেঞ্চুরি।

ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালও দাপট দেখিয়েছেন এই সময়ে। ২৫১১ রান করে তার গড় ৪৯.২৩, সেঞ্চুরি ৭টি। এই অভিজাত তালিকায় জয়সওয়ালের পরেই অবস্থান করছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। ২০২২ সালের পর থেকে টেস্টে ১৯০৭ রান করেছেন তিনি ৪৬.৫১ গড়ে। এই সময়ে এসেছে ৭টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি।

সাম্প্রতিক সিলেট টেস্টে ১৩৭ রানের ইনিংসও তার এই ধারাবাহিকতারই প্রমাণ। চলতি সিরিজের প্রথম ম্যাচে ৭১ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলেন এই ব্যাটার। সেখানেও সেঞ্চুরির সঙ্গে আছে অর্ধশত রানের ইনিংস।

ধারাবাহিক মুশফিকের পরে তালিকার ষষ্ঠ স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। টেস্টে আধিপত্য বিস্তার করা এই অজি ব্যাটার ৪৬.৯০ গড়ে করেছেন ৩০৯৬ রান। ১০টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১২টি ফিফটি। তবে ব্যাটিং গড়ে স্মিথও মুশফিকের তুলনায় খানিকটা পিছিয়ে আছেন।

পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে যারা দারুণ অবস্থান তৈরি করেছেন, তাদের একজন বাংলাদেশের মুশফিকুর রহিম। গত পাঁচ বছরে বিশ্বের সেরা পাঁচ ব্যাটারের একজন হিসেবে নিজেকে পরিণত করেছেন বাংলাদেশের রান মেশিন।

এমআই