Advertisement
Us Bangla Airlines
১৫ বলেই ফিফটি হাঁকিয়ে পাকিস্তানি ব্যাটারের বিশ্বরেকর্ড

১৫ বলেই ফিফটি হাঁকিয়ে পাকিস্তানি ব্যাটারের বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক

১৬ মে ২০২৬, ১৮:৪০

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও দাপট ধরে রাখল পাকিস্তান নারী দল। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৩৩ রানের বিশাল জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করে সিরিজ শেষ করেছে স্বাগতিকরা। আর এই ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক ফাতিমা সানা, যিনি ব্যাট হাতে গড়েছেন নারী টি-টোয়েন্টির ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড।

করাচিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তান। অধিনায়ক ফাতিমা সানা খেলেন ঝড়ো ইনিংস। মাত্র ১৫ বলেই পৌঁছে যান ফিফটিতে, যা নারী টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরি। আগের রেকর্ড ছিল ১৮ বলের, যা যৌথভাবে ছিল নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার ফোবে লিচফিল্ড এবং ভারতের রিচা ঘোষের দখলে। সেই মাইলফলক তিন বল কমেই ভেঙে দেন ফাতিমা।

ইনিংস থেমেছে ১৯ বলে ৬২ রানে। ১০টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ব্যাটিং ছিল বিধ্বংসী। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ছিল তার মাত্র দ্বিতীয় ফিফটি, অথচ দ্বিতীয় অর্ধশতকেই তিনি লিখে ফেললেন ইতিহাস।

পাকিস্তানের ইনিংসে আরও ছিল শক্ত ভিত। সাইরা জাবিন ৩২ বলে ৫০, আয়েশা জাফর ২৮ বলে ৪৫ এবং ইরাম জাভেদ ২৯ রান করলে বড় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২২৩ রান। জিম্বাবুয়ের হয়ে লিন্ডোকুহলে মাবহিরো নেন ২ উইকেট।

জবাবে শুরু থেকেই ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ওপেনার কেলিস এনদ্লোভু ১৪ বলে ৩২ রানের দ্রুত ইনিংস খেললেও তা ম্যাচে প্রভাব ফেলতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.১ ওভারে মাত্র ৯০ রানে অলআউট হয় সফরকারীরা। পাকিস্তানের হয়ে সাদিয়া ইকবাল নেন ৩ উইকেট, নাশরা সান্ধু শিকার করেন ২ উইকেট।

এমআই