এমন রেকর্ড আগে গড়তে পারেনি কোনো বাংলাদেশি
খেলা ডেস্ক
১২ মে ২০২৬, ২১:০৮
মিরপুরের আকাশে তখন জয়ের গন্ধ। শাহিন শাহ আফ্রিদিকে ভয়ংকর এক বাউন্সারে কাঁপিয়ে আউট করেই গর্জে উঠেছিলেন নাহিদ রানা। সেই উদযাপনের মধ্যেই লুকিয়ে ছিল ইতিহাসের স্পর্শ। কিছুক্ষণ পরই বুঝতে পারলেন, শুধু ম্যাচ নয়, নিজের নামও তুলে ফেলেছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অনন্য এক মাইলফলকে।
বাংলাদেশের ২৬ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো পেসার চতুর্থ ইনিংসে ৫ উইকেট শিকার করলেন। আর সেই কীর্তির নায়ক নাহিদ রানা। নতুন রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন তাসকিনের কীর্তি। পেসারদের দলপতি তাসকিন অবশ্য পেয়েছিলেন ৪ উইকেট। তাতে ফাইফারের পাতায় নাহিদই প্রথম বোলার।
বাংলাদেশের উইকেটে বরাবরই স্পিনারদের আধিপত্য। চতুর্থ ইনিংসে পেসারদের সাফল্যের গল্প তাই খুব বেশি নেই। কিন্তু এবার মিরপুরের উইকেটে পাঁচ দিনই ছিল পেসারদের সহায়তা। সেই সুযোগটাই দুর্দান্তভাবে কাজে লাগালেন নাহিদ।
এর আগে বাংলাদেশের কোনো পেসারের চতুর্থ ইনিংসে সেরা বোলিং ছিল তাসকিন আহমেদের। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে ৩৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮২ রানে ৪ উইকেট পেয়েছিলেন তাসকিন।
চতুর্থ ইনিংসে বাংলাদেশের পেসারদের আরেকটি চার উইকেট শিকারের কীর্তি ছিল জিয়াউর রহমানের। ২০১৩ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি নিয়েছিলেন ৬৩ রানে ৪ উইকেট। নাহিদের এই কীর্তিতে শেষ হলো আরও একটি দীর্ঘ প্রতীক্ষা। দেশের মাটিতে ১৬ বছরের বেশি সময় পর টেস্টে ৫ উইকেট পেলেন কোনো বাংলাদেশি পেসার।
সবশেষ ২০১০ সালের জানুয়ারিতে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ৭১ রানে ৫ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন। দেশের মাঠে তার আগে ও পরে আর কোনো বাংলাদেশি পেসার এই কীর্তি গড়তে পারেননি। তবে চতুর্থ ইনিংসে ৫ উইকেট শিকার করার কীর্তিতে সব ভেন্যুতেই বাংলাদেশের প্রথম নাহিদ রানা।
এমআই