Advertisement
Us Bangla Airlines
মুশফিকের ধৈর্যের ব্যাটিংয়ে মাছির বিভ্রান্তি

মুশফিকের ধৈর্যের ব্যাটিংয়ে মাছির বিভ্রান্তি

খেলা ডেস্ক

০৯ মে ২০২৬, ১৪:৫২

টেস্ট ক্রিকেট ধৈর্য আর মনোযোগের খেলা। পাঁচ দিনের এই লড়াইয়ে বোলারদের সুইং, টার্ন আর অসমান বাউন্সের বিপরীতে ব্যাটারদের সবচেয়ে বড় শক্তি হয় একাগ্রতা। বাংলাদেশের ব্যাটিংয়ের সেই নির্ভরতার নাম মুশফিকুর রহিম। কিন্তু এমন মনোযোগী ব্যাটারকেও এক অদ্ভুত বিভ্রান্তিতে থামিয়ে দিল মাঠে উড়ে বেড়ানো একটি মাছি।

লাঞ্চ বিরতির পর খেলা শুরু হয়েছে মাত্র। প্রথম ওভারেই দেখা গেল অস্বাভাবিক দৃশ্য। পপিং ক্রিজে দাঁড়িয়ে বারবার হাত নাড়ছেন মুশফিক। একটি মাছি যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। কখনো মুখের সামনে, কখনো কাঁধের পাশে ভনভন করে ঘুরছে সেটি। বিরক্ত হয়ে একাধিকবার তাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না।

শেষ পর্যন্ত উইকেটের পেছনে গিয়ে প্রায় মিনিটখানেক লড়াই করে তবেই ফেরেন তিনি। খেলা শুরু হলেও সেই বিরক্তির ছাপ যেন তখনও রয়ে গেছে। পরের বলটি করতে আসেন শাহিন শাহ আফ্রিদি। লেন্থে পড়া বলটিতে চোখ ঠিকভাবে সেট করতে পারলেন না মুশফিক। সামান্য দেরিতে ব্যাট নামাতেই বল ব্যাট না ছুঁয়ে ভেঙে দেয় অফস্টাম্প। মুহূর্তেই থেমে যায় মুশফিকের নিয়ন্ত্রিত ও দায়িত্বশীল ইনিংস।

এর আগ পর্যন্ত ইনিংসটা ছিল একেবারেই মুশফিকসুলভ। সংযত, ধৈর্যশীল এবং নির্ভরযোগ্য। সুইং সামলানো, বাইরের বল ছেড়ে দেওয়া, বাউন্স মোকাবিলা সব জায়গাতেই ছিল তার পরিচিত দৃঢ়তা। পাকিস্তানি বোলারদের বিপক্ষে বাকিরা যেখানে ব্যর্থ হচ্ছিলেন, সেখানে তিনি ছিলেন বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা।

কিন্তু ক্রিকেটের সৌন্দর্য যেমন নির্মম, তেমনই অপ্রত্যাশিত। যে ব্যাটারকে ঘণ্টার পর ঘণ্টা আউট করা যায়নি, তাকে থামিয়ে দিল ছোট্ট মাছির এক মুহূর্তের মনোযোগ বিচ্যুতি। টেস্ট ক্রিকেট আবারও মনে করিয়ে দিল, সবচেয়ে ছোট বিভ্রান্তিও সবচেয়ে বড় পরিণতি ডেকে আনতে পারে।

এমআই