কোলম্যান চান বড় পারিশ্রমিক, বাফুফে চায় ভালো কোচ
খেলা ডেস্ক
১৩ মে ২০২৬, ২০:২৪
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ বাড়ছে। ওয়েলসের সাবেক এই কোচ বাংলাদেশে কাজ করতে আগ্রহী, বাফুফেও তাকে নিয়োগ দিতে চায়। তবে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক বিষয়। ওয়েলসের এই কোচ মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করছেন।
হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের পরবর্তী কোচ ঠিক করতে গতকাল মঙ্গলবার আবারও সভায় বসেছিল বাফুফের জাতীয় দল কমিটি। আগের বৈঠকের মতো এবারও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আলোচনার বড় অংশজুড়ে ছিলেন কোলম্যান। তবে আলোচনা আটকাচ্ছে আর্থিক বিষয়ে।
বাফুফে সূত্রে জানা গেছে, কোলম্যান তার পুরো কোচিং স্টাফ নিয়ে এলে মাসে ৬০ থেকে ৭০ লাখ টাকার বেশি খরচ হবে। এত বড় ব্যয় বহন করা ফেডারেশনের জন্য কঠিন। তবু কোলম্যানের মতো অভিজ্ঞ কোচকে হাতছাড়া করতে চাইছে না বাফুফে।
সভায় সিদ্ধান্ত হয়েছে, কোলম্যানের আর্থিক চাহিদা নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আলোচনা করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। প্রতিমন্ত্রী দেশে ফেরার পর আবারও জাতীয় দল কমিটির সভা হতে পারে। কোলম্যানকে আনতে হলে মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা প্রয়োজন হবে বলেও মনে করছে বাফুফে।
তবে আলোচনায় এসেছে অন্য বাস্তবতাও। আগামী এক বছরে সাফ চ্যাম্পিয়নশিপ ছাড়া বড় কোনো সূচি নেই। তাই শুধু কোচিং স্টাফের পেছনে বিপুল অর্থ ব্যয় কতটা যৌক্তিক, সেটিও ভাবাচ্ছে ফেডারেশনকে।
একই সঙ্গে অবকাঠামো, খেলোয়াড় তৈরির পাইপলাইন ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়েও প্রশ্ন উঠেছে। বাফুফের বিশ্বাস, কোলম্যান এলে বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি বাড়বে। তবে শুধু বড় কোচ আনলেই মাঠের সাফল্য আসবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এমআই