দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করল বিসিবি
খেলা ডেস্ক
১২ মে ২০২৬, ১৬:১১
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল অপরিবর্তিত রেখেই সিলেট টেস্টে নামছে টাইগাররা। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই মাঠে নামবে বাংলাদেশ।
প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া অমিত হাসান এবারও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। যদিও ঢাকা টেস্টের একাদশে সুযোগ হয়নি তার, সিলেট টেস্টেও তাকে রাখা হয়েছে দলের পরিকল্পনায়। বোলিংয়ে আহামরি কিছু না করেও টিকে যাচ্ছেন এবাদত। থাকছেন নাহিদও।
দ্বিতীয় টেস্টের ভেন্যু নিয়ে অবশ্য কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। টানা ঝড়-বৃষ্টির কারণে ম্যাচটি সিলেট থেকে সরানোর সম্ভাবনাও আলোচনা হয়েছিল বিসিবির ভেতরে। সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও কিউরেটরদের সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়েছিল বোর্ড। তবে শেষ পর্যন্ত সিলেটে হবে ম্যাচ।
আগামী ১৬ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাচকে সামনে রেখে আগামীকাল সিলেটের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।
এমআই