৫৫ ম্যাচে ৫০ সেঞ্চুরি, বাংলাদেশের বদলে যাওয়ার গল্প
খেলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১৩:৩৬
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলার শুরুটা ছিল কঠিন। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম আট বছরে জয় এসেছিল মাত্র একটিতে। তবে সময়ের সঙ্গে বদলেছে চিত্র। বিশেষ করে ব্যাট হাতে ধারাবাহিকতায় বড় পরিবর্তন এসেছে টাইগারদের। টেস্টে বাংলাদেশের প্রথম ৫০ সেঞ্চুরি পেতে লেগেছিল ১১০ ম্যাচ, অথচ পরের ৫০ এসেছে মাত্র ৫৫ ম্যাচে।
২৬ বছরের পথচলায় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে উন্নতির চিত্র স্পষ্ট। চলতি দশকে সেই অগ্রযাত্রা আরও দৃশ্যমান। শেষ তিন বছরে ২৮ টেস্টে ১২ জয়, ১৩ হার ও ৩ ড্র বাংলাদেশের বদলে যাওয়ার গল্পই বলছে। এই সাফল্যে পেসারদের অবদান যেমন উল্লেখযোগ্য, তবে শান্ত-লিটনরাও ব্যাট হাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
২০২০ সাল থেকে এখন পর্যন্ত ৪৮ টেস্ট খেলেছে বাংলাদেশ। এই সময়েই এসেছে ৪৩টি সেঞ্চুরি। সবশেষ লিটন দাসের শতকে টেস্টে শততম সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ।
২০০০ সালের নভেম্বরে অভিষেক টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেই ম্যাচে শতক হাঁকিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর ২০১৮ সালের নভেম্বরে দলের ৫০তম সেঞ্চুরিটি করেন মুমিনুল হক। গতকাল শতকের সেঞ্চুরিতে নাম লেখালেন লিটন। মাইলফলকের তিন সেঞ্চুরিই এসেছে নভেম্বর মাসে।
টেস্টের পরিসংখ্যানেই ফুটে উঠেছে বাংলাদেশের পরিবর্তনের গতি। প্রথম ৫০ সেঞ্চুরি করতে বাংলাদেশকে খেলতে হয়েছিল ১১০ টেস্ট। পরের ৫০ সেঞ্চুরি এসেছে মাত্র ৫৫ ম্যাচে। অর্থাৎ অর্ধেক ম্যাচ খেলেই আগের মাইলফলকের সমান সেঞ্চুরি করেছে টাইগাররা। সাদা বলে ব্যাটিং বিপর্যয় নিয়ে প্রশ্ন থাকলেও লাল বলে ব্যাটারদের ধারাবাহিকতা আশা দেখাচ্ছে।
এমআই