Advertisement
Us Bangla Airlines
ভিনির হ্যাটট্রিকে ৭ গোলের স্মৃতি ফেরাল ব্রাজিল

ভিনির হ্যাটট্রিকে ৭ গোলের স্মৃতি ফেরাল ব্রাজিল

খেলা ডেস্ক

১৭ নভেম্বর ২০২৬, ১৮:৪৯

সিঙ্গাপুরের জালে গোল উৎসব, তার কেন্দ্রে ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিকে ৭-০ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনবার জালের দেখা পেয়েছেন ভিনি। তার ঝলকেই বছরের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের নবম মিনিটে ব্রুনো গিমারায়েসের পাস থেকে ব্রাজিলকে এগিয়ে নেন ভিনিসিয়ুস। ছয় মিনিট পর এন্দ্রিকের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ২১ মিনিটে এস্তেভাওয়ের পাস থেকে নিজের তৃতীয় গোলটি করে পূর্ণ করেন হ্যাটট্রিক। ব্রাজিলের জার্সিতে এটাই তার প্রথম তিন গোলের কীর্তি। আক্রমণের ধার কমেনি এরপরও।

ম্যাচের ৩১ মিনিটে এস্তেভাওয়ের পাস থেকে গোল করেন এন্দ্রিক। তাতে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। বিরতির পরও সিঙ্গাপুরের রক্ষণে চাপ অব্যাহত রাখে ব্রাজিল। এস্তেভাও ও রায়ান একটি করে গোল করেন। এর সঙ্গে যোগ হয় সিঙ্গাপুরের একটি আত্মঘাতী গোল। শেষ পর্যন্ত ৭-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এর আগে গত শনিবার জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে দলের হয়ে দুই গোল করেছিলেন ভিনিসিয়ুস। এবার হ্যাটট্রিক করে যেন ২০১৪ বিশ্বকাপের ৭-১ গোলের স্মৃতি ফেরাল ব্রাজিল। সেবার জার্মানির কাছে ৭-১ গোলে হেরে লজ্জার রেকর্ড গড়েছিল অস্কাররা।