ফের বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিল পাকিস্তান
খেলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১৪:৩৭
কোচ নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের দিকেই যেন তাকিয়ে থাকে পাকিস্তান। সম্প্রতি বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ হিসেবে শন টেইটকে নিয়োগ দেওয়ার পর এবার পাকিস্তান নারী দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক কোচ শেন ডেইটজের হাতে। ৫১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।
পাকিস্তানের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই দায়িত্ব শুরু করবেন ডেইটজ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কয়েকদিন আগেও ওয়েস্ট ইন্ডিজ নারী দলেরই সাবেক কোচ ছিলেন এই অস্ট্রেলিয়ান। তার অধীনেই দলটি সর্বশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। এরপর চুক্তির মেয়াদ বাড়াননি তিনি।
বাংলাদেশ নারী দলের কোচ হিসেবেও কাজ করেছেন ডেইটজ। এ ছাড়া নেদারল্যান্ডস নারী দলের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। অস্ট্রেলিয়ার সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটার ভানুয়াতু দলের খেলোয়াড় ও কোচ হিসেবেও কাজ করেছেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ক্রিকেট ওয়েলিংটনে হাই পারফরম্যান্স কোচের দায়িত্বেও ছিলেন।
পাকিস্তান নারী দলের দায়িত্ব নিয়ে ডেইটজের সামনে বড় চ্যালেঞ্জ। গত বছর ওয়ানডে বিশ্বকাপে সাত ম্যাচের একটিতেও জিততে পারেনি পাকিস্তান। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাঁচ ম্যাচে জয় ছিল মাত্র একটি, সেটিও নেদারল্যান্ডসের বিপক্ষে। চলমান ইমার্জিং নেশনস ট্রফিতে সেই নেদারল্যান্ডসের কাছেই হেরেছে পাকিস্তান।
এর আগে গত বছরের জুলাইয়ে দলের মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন ওয়াহাব রিয়াজ। তবে বিশ্বকাপের ব্যর্থতা এবং সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের পর এবার নতুন কোচের হাতে দায়িত্ব তুলে দিল পিসিবি।২০২৮ সালে নিজেদের মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান। সেই আসরকে সামনে রেখেই দলকে গড়ে তুলতে চান নতুন কোচ।